গবেষকেরা বলছেন, শিশুদের ডিজিটাল যন্ত্র ব্যবহারের ধরন এবং স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আরও নজর দেওয়া প্রয়োজন।
Published : 13 Oct 2026, 12:26 PM
মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারের মত ডিজিটাল যন্ত্র শিশুদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রযুক্তি ছাড়া এখন যেন কোনোকিছু হয় না।তবে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে শিশুদের কিছু শারীরিক ও মানসিক সমস্যার সম্পর্ক পাওয়া গেছে ঢাকার স্কুলশিক্ষার্থীদের নিয়ে করা এক গবেষণায়।
গবেষণায় ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিশুর তথ্য নেওয়া হয়। এর মধ্যে তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যমের স্কুল। গবেষণাটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত চলে।
এতে দেখা যায়, ২৩৪ জন শিশু বা ৫৬ শতাংশ অভিভাবকের নজরদারি ছাড়া ডিজিটাল যন্ত্র ব্যবহার করে। অভিভাবকের নজরদারিতে থাকা শিশুদের গড় দৈনিক স্ক্রিন ব্যবহারের সময় ছিল ৪ দশমিক ৫ ঘণ্টা। নজরদারি ছাড়া ব্যবহারকারীদের ক্ষেত্রে তা ছিল ৪ দশমিক ৬ ঘণ্টা।
গবেষণায় অংশ নেওয়া ৪২০ জন শিশুর মধ্যে ৩৩৬ জনের মাথাব্যথার কথা জানা যায়। তাদের মধ্যে অভিভাবকের নজরদারি ছাড়া স্ক্রিন ব্যবহার করা শিশুর সংখ্যা ছিল বেশি। এ ছাড়া ৩৯১ জন শিশুর ঝাপসা দেখার সমস্যা, ৩২৭ জনের চোখ শুষ্ক বা চোখে ব্যথার মত সমস্যার কথা জানায়।
গবেষকেরা বলছেন, শিশুদের ডিজিটাল যন্ত্র ব্যবহারের ধরন এবং স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আরও নজর দেওয়া প্রয়োজন।এই গবেষণাটি পড়ে আমার মনে হয়েছে এর বাস্তবতা রয়েছে। এ ছাড়াও অতিরিক্ত স্ক্রিন ব্যবহার আরও নানাভাবে ক্ষতি করছে। কাউকে কাউকে ফোনে আসক্ত হয়ে যেতেও দেখেছি। দ্রুতই এর লাগাম টেনে ধরা দরকার।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: মেহেরপুর।