কেউ আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন, কেউ প্রণাম করছেন, আবার অনেককে ঘণ্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়।
Published : 22 Sep 2026, 12:01 PM
ঢাকেশ্বরী মন্দির রাজধানী ঢাকায় অবস্থিত। এটি বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে পরিচিত।
সম্প্রতি প্রাচীন এই মন্দিরটি ঘুরে দেখার সুযোগ হয়েছিল।
সেখানে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের বেশ ভিড়। কেউ আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন, কেউ প্রণাম করছেন, আবার অনেককে ঘণ্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। অনেকে স্মৃতি ধরে রাখতে ছবি তুলছিলেন।
ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেকের ধারণা, ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকার নামের উৎপত্তি।
জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, জনশ্রুতি রয়েছে যে ঢাকেশ্বরী মন্দিরটি রাজা বল্লাল সেন নির্মাণ করেছিলেন। তবে তিনি সেন রাজবংশের সেই বিখ্যাত বল্লাল সেন কি না, তা নিয়ে মতভেদ রয়েছে।
কারণ, সেন আমলের স্থাপত্যে চুন বালুর ব্যবহার দেখা যায় না, অথচ এই মন্দিরটি চুন বালুর গাঁথুনিতে নির্মিত।
বিশ শতকের শুরুতে প্রকাশিত এক বইতে লেখক ‘ব্রাডলি বার্ট’ লিখেছেন, বর্তমান ঢাকেশ্বরী মন্দিরটি ২০০ বছরের পুরোনো। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট নির্মাণ করেন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।