কবিতার প্রতি ভালোবাসা থেকে আবৃত্তি শেখা শুরু করেছিলাম।
Published : 29 Sep 2026, 02:05 PM
কবিতা কবির অনুভূতি, চিন্তা ও কল্পনাকে সুন্দরভাবে তুলে ধরে। তাই কবিতার কথা কখনো আমাদের আনন্দ দেয়, কখনো মন খারাপের কথা মনে করিয়ে দেয়। কবিতা আবার আমাদের স্বপ্ন দেখার সাহসও দেয়। এসব কারণে কবিতা আমার খুব প্রিয়।
কবিতার প্রতি ভালোবাসা থেকে আবৃত্তি শেখা শুরু করেছিলাম। আবৃত্তির হাতেখড়ি হয় ফুলবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির আবৃত্তিশিল্পী হাবিবুর রহমান হাবিব স্যারের কাছে। তার কাছ থেকেই আমি আবৃত্তির প্রাথমিক শিক্ষা নিই। তিনি আমাকে সঠিক উচ্চারণ ও আবৃত্তির মৌলিক সব কলা-কৌশল শিখিয়েছেন।
মাঝেমধ্যে বিভিন্ন কবির কবিতা পড়তে ও আবৃত্তি করতে গিয়ে নিজের অনুভূতির সঙ্গে অনেক মিল খুঁজে পাই। প্রকৃতির সৌন্দর্য নিয়ে লেখা কবিতাগুলো আমাকে প্রকৃতিকে নতুনভাবে দেখতে শেখায়। দেশাত্মবোধক কবিতা দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।
আমার মতে, কবিতা শুধু আমাদের আনন্দ দেয় না। জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও শেখায়। কবিতা থেকে সত্য, ন্যায়, মানবতা, সাহস ও দেশপ্রেমের মূল্য বুঝতে পারি। কোনো কোনো কবিতার কথা কঠিন সময়ে আমাকে আবার চেষ্টা করার সাহস দেয়। এতে আমার চিন্তাভাবনাও আরও সুন্দর ও গভীর হয়।
আমার কাছে কবিতা শুধু ছন্দ ও শব্দের সমষ্টি নয়। এটি আমার অনুভূতি, স্বপ্ন ও চিন্তার একটি আয়না। তাই কবিতার শব্দের মাঝে কখনো আমার আনন্দ, কখনো দুঃখ, কখনো স্বপ্ন আবার কখনো নিজের পরিচয় খুঁজে পাই।
প্রতিবেদকের বয়স: ১৩ বছর। জেলা: কুড়িগ্রাম।