বাংলা আমাদের মাতৃভাষা। জন্মের পরপরই এই ভাষার সঙ্গে পরিচয় ঘটে আমাদের। মায়ের মুখ থেকে নিঃসৃত শব্দমালা ধীরে ধীরে গেঁথে যায় আমাদের মন ও মগজে।
Published : 25 Feb 2026, 11:21 AM
বাংলা আমাদের মাতৃভাষা। জন্মের পরপরই এই ভাষার সঙ্গে পরিচয় হয় আমাদের। মায়ের মুখ থেকে নিঃসৃত শব্দমালা ধীরে ধীরে গেঁথে যায় আমাদের মন ও মগজে। এভাবেই মাতৃভাষায় কথা বলা শিখি এবং ধীরে ধীরে দক্ষ হয়ে উঠি আমরা।
বাংলা আমাদের রাষ্ট্রভাষাও। আমরা যখন পাকিস্তানের অধীনে ছিলাম, তখন বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চায়নি তারা। আমাদের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দেয়। রক্ষা করে মায়ের ভাষার বিকাশ ও শিল্প সংস্কৃতির অগ্রযাত্রাকে।
একুশে ফেব্রুয়ারি এলে আমরা ভাষা নিয়ে অনেক কথাই বলি। কিন্তু অন্য সময়ে এই ভাষার মর্যাদা রক্ষা নিয়ে কতটা ভাবি আমরা? বরং প্রতিদিনই এই ভাষা ব্যবহার করে অনেক অনুচিত কাজ করি। আমার চোখে সবচেয়ে বেশি যেটি ধরা পড়ে তা হল কাউকে হেয় করা। কেউ একটু অন্যদের থেকে আলাদা হলেই আমরা তাকে নিয়ে হাসাহাসি করি। অন্যের গায়ের রং, চেহারা বা শব্দের উচ্চারণ নিয়েও কটু কথা বলি। আবার সামাজিক অবস্থান নিয়ে কাউকে তুচ্ছ করার বিষয়টি তো আছেই। সবচেয়ে কষ্টের বিষয় হল আমরা এসব অনুচিত কাজ করছি আমাদের মায়ের ভাষায়।
ভাষা দিয়ে আমরা যেমন কবিতা লিখতে পারি তেমনি কাউকে ছোটও করতে পারি। এই পছন্দটা একান্ত আমাদের। আমরা চাইলে এই ভাষা দিয়ে কাউকে সাহস দিতে পারি, ভালোবাসা জানাতে পারি বা এই ভাষা দিয়েই অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে পারি। তাই আসুন, আমরা মায়ের ভাষার সুন্দর ব্যবহার ছড়িয়ে দেই। এই ভাষায় আর কাউকে আঘাত না করি। মাতৃভাষায় বিশ্বময় ছড়িয়ে দেই ভালোবাসা।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর।