আমাদের প্রদর্শন করা ডিসপ্লের বিষয় ছিল মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগ।
Published : 17 Dec 2025, 07:40 PM
প্রতিবারের মত এবারও বিজয় দিবস উদযাপন করেছে কাউনিয়া উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
আমার স্কুল কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমরা একটি ডিসপ্লেতে অংশগ্রহণ করি।
আমাদের প্রদর্শন করা ডিসপ্লের বিষয় ছিল মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগ। বীরাঙ্গনার একটি চরিত্রকে কেন্দ্রীয় চরিত্রে উপস্থাপন করে আমরা সব নারীদের অবদানকে তুলে ধরার চেষ্টা করি।
আমি ‘বিবি সখিনা’ চরিত্র তুলে ধরি। ডিসপ্লের গল্প অনুযায়ী, আমার চরিত্রের ঘরে একজন মুক্তিযোদ্ধা আশ্রয় নেয়। ঠিক সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী এলাকায় প্রবেশ করলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
নিজের প্রাণ বাঁচাতে নয়, বরং মুক্তিযোদ্ধাকে রক্ষা করার জন্য আমি আমার পাগল ছেলেকে ঘর থেকে বের করে দিই। পরে আমি নিজেও পাগলের মতো হেঁটে চলে যাই, আর সেই অস্থিরতার মধ্যেই আমার ছেলে হারিয়ে যায়।
এই দৃশ্যটি উপস্থাপন করার সময় চারপাশে নীরবতা নেমে আসে। একজন মায়ের অসীম ত্যাগ, ভয় ও বেদনার সঙ্গে মিশে যায় চরিত্রটি।
আমাদের স্কুলের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী এই ডিসপ্লেতে অংশ নেয়। পুরো ডিসপ্লে উপস্থাপন করতে সময় লেগেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মত।
এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বুঝেছি, বীরাঙ্গনারা কতটা সাহসী ছিলেন। আর যারা আমাদের এই ডিসপ্লে দেখেছেন তারাও হয় মুক্তিযুদ্ধে আমাদের নারীদের আত্মত্যাগ ও সাহসকে আরেকবার স্মরণ করতে পেরেছেন।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর।