কর্মশালায় শিশুদের বেঁচে থাকা, বিকাশ, সুরক্ষা ও অংশগ্রহণের অধিকার নিয়ে আলোচনা করা হয়।
Published : 21 Oct 2026, 01:29 PM
শিশু অধিকার সম্পর্কে আগে তেমন কোনো ধারণা ছিল না আমার। তবে এ বছরের শুরুতে নিজের জেলায় হ্যালোর শিশু সাংবাদিক কর্মশালায় অংশ নিয়ে এ বিষয়ে জানার সুযোগ হয় আমার।
কর্মশালায় জাতিসংঘের শিশু অধিকার সনদ সম্পর্কে জেনে বুঝতে পেরেছি যে, প্রতিটি শিশুর জন্য এসব অধিকার নিশ্চিত করা কতটা জরুরি। প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও মত প্রকাশের অধিকার রয়েছে। পাশাপাশি নির্যাতন ও বৈষম্য থেকে সুরক্ষিত থাকার অধিকারও রয়েছে শিশুদের।
কর্মশালায় শিশুদের বেঁচে থাকা, বিকাশ, সুরক্ষা ও অংশগ্রহণের অধিকার নিয়ে আলোচনা করা হয়। যা থেকে আমি জেনেছি যে, শিশুদের শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়। প্রতিটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা, নিরাপদে থাকা এবং নিজের মতামত জানানোর সুযোগ থাকা প্রয়োজন।
শিশু সাংবাদিক হিসেবে এসব বিষয় জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা অনেক শিশুর নানা সমস্যার কথা জানতে পারি।
কেউ শিশুশ্রমের শিকার হচ্ছে, কেউ বাল্যবিয়ের ঝুঁকিতে রয়েছে আবার কেউ দারিদ্র্যের কারণে পড়াশোনার সুযোগ পাচ্ছে না। এসব সমস্যার সঙ্গে শিশুদের অধিকার লঙ্ঘনের বিষয়টি কীভাবে জড়িত, তা কর্মশালায় আরও ভালোভাবে বুঝতে পেরেছি।
আমার মনে হয়, শিশু অধিকার সম্পর্কে জানা সব শিশু-কিশোরের জন্যই জরুরি। নিজের অধিকার সম্পর্কে জানলে অন্যায়ের শিকার হলে সাহায্য চাইতে পারব। একই সঙ্গে অন্য কোনো শিশুর অধিকার লঙ্ঘিত হতে দেখলে তার পাশে দাঁড়াতেও সাহস পাব।
আমি চাই, প্রতিটি শিশু যেন নিজের অধিকার সম্পর্কে জানার সুযোগ পায়। পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাই যেন শিশুদের মতামতকে গুরুত্ব দেয় এবং তাদের নিরাপদে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে। শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বাড়লেই শিশুদের জন্য আরও সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আমি মনে করি।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: শেরপুর।