হরতালের কারণে আসন্ন জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা শঙ্কিত হয়ে পড়েছে।
Published : 26 Oct 2013, 04:02 PM
নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা।
আগামী চৌঠা নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়জুল হক বলেন, “টানা হরতালে জেএসসি পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
হ্যালো ডটবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বেলন, এভাবে হরতাল চলতে থাকলে যথাসময়ে পাবলিক পরীক্ষাগুলো গ্রহণ এবং ফলাফল প্রকাশে সমস্যা হবে।
‘দেশের জন্যই রাজনীতি, রাজনীতির জন্য দেশ নয়’ মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা ব্যবস্থার উপর নজর রেখে রাজনীতিকরা তাদের নীতি নির্ধারণ করবেন।
জেএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম বলে, “চৌঠা নভেম্বর থেকে পরীক্ষা শুরু। এখন শুনি পরীক্ষা শুরুর আগেই হরতাল! জীবনের প্রথম পাবলিক পরীক্ষা দিতে যাচ্ছি। এই রকম পরিবেশে বেশ ভয় লাগছে।”
তাছাড়া এসএসসি পরীক্ষার্থীদের এখন টেস্ট পরীক্ষা চলছে।
এসএসসি ২০১৪-এর পরীক্ষার্থী জান্নাতুল মাওয়া তিথি বলে, “আমাদের ব্যাপারটা চিন্তা করে রাজনীতিকরা যদি সংযমের পরিচয় দিতেন তাহলে দেশ ও জাতি উপকৃত হতো।”
অভিভাবক সাহিদা বেগম বলেন, “সামনে জেএসসি পরীক্ষা আবার এখন এসএসসি-র টেস্ট চলছে। এমন পরিস্থিতিতে হরতালে আমি বেশ চিন্তিত।”
এদিক সব শিক্ষাবোর্ড স্কুলগুলোকে আগামী চৌঠা নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।
বর্ডার গার্ড পাবলিক স্কুল, সিলেট এর সিনিয়র শিক্ষক ইসমাইল হোসাইন আজাদী বলেন, “আমাদের প্রতিষ্ঠানে এসএসসি-র টেস্ট-এর লিখিত পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু হরতালের কারণে ব্যবহারিক পরীক্ষা নিতে পারছি না। অথচ বোর্ডের নির্দেশ, নভেম্বরের চার তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।”
সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসাইন বলেন, “রাজনীতিবিদদের কাছে শিক্ষার্থীদের আর্তনাদ সবসময়ই উপেক্ষিত।”
বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে শিক্ষকদের হিমশিম খেতে হবে বলে মনে করছেন তিনি।