পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যর বই কিনতে হচ্ছে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের।
Published : 20 Jul 2013, 10:42 AM
রাজধানীর ধানমণ্ডির একটি স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমি আমার বাচ্চার জন্য সবসময়ই বাংলা বই লাইব্রেরি থেকে কিনি। আমার এর আগে ধারণাই ছিল না যে, এইসব বই বিনামূল্যে বিতরণের জন্য।"
বেশ কয়েক বছর ধরে স্কুলের সব শ্রেণির জন্য বিনাখরচে বই দিয়ে আসছে সরকার। বইগুলো প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা বিষয়ে পাঠ্যপুস্তক বোর্ডের বই পড়ানো হচ্ছে। দুই-একটি স্কুল এসব বই সরবরাহ করলেও অন্য স্কুলগুলোর শিক্ষার্থীরা বাজার থেকে বিনামূল্যের বইগুলো কিনছে।
বোর্ডের বিনামূল্যের এসব বই বাজারে বিক্রি নিষিদ্ধ এবং আইনত দণ্ডণীয়।
স্কলাস্টিকা স্কুল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, সানিডেইল স্কুল, সাউথ ব্রিজ, মাস্টার মাইন্ড, গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, বিএএফ সেমস, আইইসি, টার্কিশ হোপ স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক জানিয়েছেন, বাংলা বিষয়ের জন্য এসব স্কুলে পাঠ্যপুস্তক বোর্ডের বই পড়ায়।
সেনানিবাস সংলগ্ন বিএএফ সেমস স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্র বলে, “স্কুল থেকেই পাঠ্যপুস্তক বোর্ডের ‘চারুপাঠ’ বইটি কিনেছি।”
উত্তরার ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টার (আইইসি) স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে মাকসুদা হকের মেয়ে।
মাকসুদা জানান, মেয়ের স্কুল বাংলা বই হিসেবে পাঠ্যপুস্তক বোর্ডের বই কিনতে বলে।
“বই কিনতে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করি কোথা থেকে তারা এসব বই পায়। দোকানদার এর কোনো উত্তর দিতে পারেননি।”
তবে স্কলাস্টিকা ও টার্কিশ হোপ স্কুল থেকেই এসব বই দেওয়া হয় বলে জানিয়েছেন কজন শিক্ষার্থীর অভিভাবক।
পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোনো বই বিতরণ করা হয় না।”
এ বোর্ডের বিতরণ বিভাগের নিয়ন্ত্রক মোস্তাক আহমেদ ভূইয়া বলেন, “২০১৩-১৪ সেশনে ইংলিশ মিডিয়াম স্কুলে কোনো বই দেওয়া হয়নি।”
ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের এক কর্মকর্তা জানায়, তারা বোর্ডের কাছে বইয়ের কোনো চাহিদাপত্র পাঠাননি।
কেন অবৈধভাবে বিক্রি করা বই তাদের স্কুলের পাঠ্য তালিকায় রাখা হয়েছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
তবে পাঠ্যপুস্তক বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব স্কুল থেকে নিয়ম অনুযায়ী বই চাইলে তা সরবরাহ করতে পারে বোর্ড।
এ বছরের শুরুতে ‘রাজধানীর নীলক্ষেতে অবৈধভাবে পাঠ্যপুস্তক বোর্ডের বিনামূল্যের বই বিক্রি হচ্ছে’ এ অভিযোগের ভিত্তিতে বোর্ডকে কারণ দর্শানোর চিঠি দেয় শিক্ষামন্ত্রণালয়।
চিঠি পেয়ে তারা নীলক্ষেতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বিনামূল্যে বিতরণের বই জব্দ করে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় বলে জানান, বোর্ডের কর্মকর্তা মোস্তাক আহমেদ ভূইয়া।