রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। ভোট গ্রহণের জন্য বরাবরই স্কুল ঘর বেছে নেয়া হয়। এটাই এদেশে নিয়ম। তবে স্কুল পুড়িয়ে দেয়ার যে ঘটনা হচ্ছে তা আগে কি ঘটেছে?
Published : 04 Jan 2014, 03:56 PM
রাজনীতির কারণে ভোটে পক্ষ-বিপক্ষ তীব্র বিরোধ নিয়ে মাঠে নামে। মারপিট এমন কি খুনাখুনির ঘটনাও ঘটে। শুধু স্থানীয় পর্যায়ে নয় জাতীয়ভাবেও ভোট বর্জন হয়েছে এর আগেও।
আমি অষ্টম শেণিতে পড়ি। বড়দের কাছে শুনেছি পেট্রোল বোমা মেরে এভাবে মানুষ মারার ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি। তেমনই দেখছি ভোট ঠেকাতে স্কুল ঘরও পুড়িয়ে দেয়া হচ্ছে। এখন ঘরে ঘরে টেলিভিশন থাকায় আমরা শিশুরাও সবাই সবই দেখছি। আগুনে আমার মতো শিশুদেরও পুড়তে দেখেছি।
সিরাজগঞ্জের বেলকুচিসহ দেশের শতাধিক স্কুলে আগুন দিয়েছে ভোট বিরোধীরা। পুড়েছে স্কুল ঘর, নতুন বই, চেয়ার-টেবিল, বেঞ্চ, ব্লাকবোর্ডসহ আসবাবপত্র।
যারা আগুন দিচ্ছেন তারাও এক সময় স্কুলে পড়তেন। তাদের সন্তান ও স্বজনরা এখনও এখানে লেখাপড়া করে।
যারা আগুন দিচ্ছেন, আপনারা একবার ভেবে দেখবেন কি, রাজনৈতিক কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে আসলে নিজেদের পায়েই কুড়াল মারছেন কিনা?
দুদিন আগেই নতুন বই পেয়ে আমরা শিশুরা খুশি। যখন ভাবছি নতুন বই হাতে স্কুলে যাবো। বন্ধু-বান্ধবরা আনন্দ করবো। ঠিক সেই সময় দেখছি রাজনৈতিক প্রতিহিংসায় পুড়ছে আমাদের কারো না কারো স্কুল ও শিক্ষা সামগ্রী! তাই আনন্দের বদলে আমরা এখন আতঙ্কিত। ক্ষতিগ্রস্ত স্কুলগুলো কিন্ত সহজে আগের অবস্থায় ফিরতে পারবে না।
আমাদের স্কুলের যে বেঞ্চগুলো নষ্ট, সেগুলো কিন্তু পাল্টানো হয় না। বছরের পর বছর ধরে এসবে বসেই পড়াশোনা করতে হয় শিশুদের।
কারণ বোধ হয় স্কুলগুলোর বেশি টাকা নেই। আর যাদের বরাদ্দ বই পুড়ে গেছে, তারা কি সহজে আবার নতুন বই পাবে? তাদের পড়াশোনা কি বাধা পাবে?
দয়া করে আমার মতো হাজারো শিশুর শিক্ষা জীবন অনিশ্চয়তায় ঠেলে দেবেন না। তা না হলে ক্ষতিগুস্ত হবো আমরা শিশুরা, যারা আপনাদেরই ভবিষ্যৎ।
যারা ছোট ছোট ছেলে-মেয়েদের স্কুল পোড়াচ্ছেন তাদের প্রশ্ন করি, মসজিদ, মাদ্রাসা ও বসতবাড়িতে যদি ভোট কেন্দ্র হতো, তবে তাতেও কি আগুন দিতে পারতেন? বিবেকের কাছে প্রশ্ন করুন শিশুদের জন্য যে স্থান তা পুড়িয়ে শেষ পর্যন্ত আপনাদের কী লাভ?
স্কুল ধ্বংস মানে শিশুদের শিক্ষাজীবন ধ্বংস, তাই স্কুল ধ্বংসের রাজনীতি বন্ধ করুন। আপনারা কেউ আমাদের বাবা, কেউ চাচা-মামা-ভাই অথবা অভিভাবক।
ফাইনাল পরীক্ষার সময় হরতাল-অবরোধে আমরা শিশুরা আতঙ্কের মধ্যে পরীক্ষা দিতে গিয়েছি। অনেক পরীক্ষা ঠিক সময়ে না হওয়ায় অনেকের ফল খারাপও হয়েছে। তাই বলতে চাই, আমরা শিশুরা যেন রাজনীতির শিকার না হই।
আশা করি অভিভাবকরা যারা রাজনীতির সাথে জড়িত তারা আগামীতে শিশুদের শিক্ষা জীবনের সুবিধা-অসুবিধার বিষয়টি বিবেচনায় রেখেই রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন।
দয়া করে মনে রাখবেন শিশুর ভবিষ্যৎ পুড়িয়ে দিয়ে লাভবান হবেন না কেউই।