অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে।
Published : 19 Sep 2026, 04:42 PM
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শনিবার বিকালে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, তারা কিছু ‘ক্লু’ পেয়েছেন। এ নিয়ে কাজ চলছে।
তবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা ব্যক্তির ও পরিচয় জানাননি পুলিশ সুপার।
কুমিল্লায় বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে।
লালমাই পাহাড়ে যেখানে অপ্রতিমের লাশ পাওয়া গেছে, তার পাশে দাঁড়িয়ে কুমিল্লার পুলিশ সুপার বলেন, “অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিক। এটি অত্যন্ত হৃদয়বিদারক, আমাদেরকে নাড়া দিয়েছে। আমার একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ‘ক্লু’ পেয়েছি। আমাদের কাছে একজন ব্যক্তি আছেন, জিজ্ঞাসাবাদ চলতেছে।”
তিনি বলেন, “আমি এখান থেকে যাওয়ার পরে আমরা নন-স্টপ জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে কে কে জড়িত, এটার মোটিভ কী ছিল, কী উদ্দেশ্যে এই ছোট বাচ্চাটিকে, নিষ্পাপ বাচ্চাটিকে মেরে ফেলল... এটা কি শুধুই একটি আইফোনের জন্য ছিল নাকি এর সঙ্গে আর অন্য কোনো কিছু জড়িত ছিল— এই বিষয়টি আমরা সঠিকভাবে খতিয়ে দেখব, তদন্ত করব।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, “এটা এখনো জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে। আমাদের একটু সময় দেওয়া লাগবে। যাকে ধরেছি সে নির্দোষও হতে পারে, আবার দোষীও হতে পারে।”
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।
সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, অপ্রতিমের কাছে থাকা তার মায়ের আইফোনটিও পাওয়া যায়নি। তাই আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।
আরও পড়ুন:
আইফোন নিয়ে ছবি তুলতে যাওয়া স্কুলছাত্রের লাশ মিলল লালমাই পাহাড়ে