ব্রিটেনিয়া সুইমিংপুলে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।
Published : 16 Sep 2026, 11:29 PM
সিলেট নগরীর একটি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল পৌনে ৬টার দিকে এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ব্রিটেনিয়া সুইমিংপুলে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।
নিহত দিপাঞ্জন ঘোষ প্রিয়ম (২১) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।
তবে তার পরিবার ঢাকার মোহাম্মদপুরে বসবাস করে। প্রিয়ম বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন বলে জানান তার সহপাঠীরা।
প্রিয়মের সহপাঠী ফায়াজ নবী বলেন, “আমরা নিয়মিত তিন বন্ধু ওই সুইমিংপুলে সাঁতার কাটতে যাই। আজ আমরা নতুন দুই বন্ধুসহ পাঁচজন ওই সুইমিংপুলে যাই। প্রিয়মও আমাদের সঙ্গে গেছে। সে বলেছে, সাঁতার জানে।
“সাঁতার কাটার সময় প্রিয়ম কয়েকবার সুইমিংপুলের গভীর অংশে গিয়েছিল। পরে আবার ফিরেও আসছিল। এর মধ্যে আমরা সাঁতারে ব্যস্ত থাকায় আবার কখন সে গভীর পানিতে চলে যায় খেয়াল করিনি।”
তিনি বলেন, বিকাল পৌনে ৬টার দিকে সুইমিংপুলের কর্মীরা তাকে নয় ফুট গভীর পানির নিচ থেকে উদ্ধার করেন। উদ্ধারের পর তার শরীরে ঝাঁকুনি দেওয়া হলে তিনি বমি করেন এবং শ্বাস নিচ্ছিলেন।
পরে তাকে দ্রুত নগরীর দরগাহ গেট এলাকার নূরজাহান হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে ইসিজি করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ সহপাঠী।
ব্রিটেনিয়া সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু বলেন, “নিয়ম অনুযায়ী সাঁতার না জানা ব্যক্তিদের ছয় ফুটের বেশি গভীর পানিতে নামতে দেওয়া হয় না। তবে প্রিয়ম নয় ফুট গভীর অংশে চলে গিয়েছিলেন। পরে সুইমিংপুলের এক কর্মী তাকে পানির কিছুটা নিচে চিত হয়ে ভাসতে দেখে বিষয়টি আমাকে জানান।
“পরে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে ঝাঁকুনি দেওয়া হলে তিনি বমি করেন এবং হালকা শ্বাস নিচ্ছিলেন। এরপর অটোরিকশায় করে তাকে হাসপাতালে নেওয়া হয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রিয়মের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তারা সিলেটে আসছেন। আপাতত তার মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।
“সুইমিংপুল কর্তৃপক্ষের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি-না, তা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সিলেটের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ওই সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়েছিলেন। পরে এক শিক্ষার্থীকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”