ইউনিসেফের তথ্য অনুযায়ী, ১৮ বছরের আগে বিয়ে হলে মেয়েদের স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
Published : 22 Sep 2026, 05:20 PM
বাল্যবিয়ে শুধু একটি শিশুর শৈশব কেড়ে নেয় না, এর প্রভাব পড়তে পারে তার শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনেও।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, ১৮ বছরের আগে বিয়ে হলে মেয়েদের স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। একই সঙ্গে তারা পারিবারিক সহিংসতার বেশি ঝুঁকিতে থাকে এবং পরিবার ও বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
বাল্যবিয়ের পর অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকিও বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের গর্ভধারণে খিঁচুনি, সংক্রমণসহ কিছু গুরুতর জটিলতার ঝুঁকি ২০ থেকে ২৪ বছর বয়সীদের তুলনায় বেশি। তাদের সন্তানদের কম ওজন নিয়ে জন্মানো ও সময়ের আগে জন্মের ঝুঁকিও বেশি।
জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএ বলছে, বাল্যবিয়ের কারণে অনেক মেয়ে পড়াশোনা থেকে ঝরে পড়ে এবং ভবিষ্যতে কাজ ও আয় করার সুযোগ সীমিত হয়ে যায়। এর প্রভাব পরবর্তী প্রজন্মের ওপরও পড়তে পারে।
তাই বাল্যবিয়ে একটি শিশুর বর্তমানের পাশাপাশি তার শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের সুযোগকেও সংকুচিত করে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: রাজশাহী।