লায়লা আশরাফিনের মতে, পরিবারে মেয়েশিশুর ক্ষমতায়ন ও নিজের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বিকাশের বিষয়টি গুরুত্ব না পাওয়াও বাল্যবিয়ের অন্যতম কারণ।
Published : 26 Oct 2026, 07:00 PM
কন্যাশিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে অনেক পরিবার বাল্যবিয়েকে সমাধান মনে করে। অথচ এই বাল্যবিয়েই মেয়েটির শিক্ষা, স্বাধীনতা ও ভবিষ্যৎ বিকাশের সুযোগকে সীমিত করে দেয় বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা আশরাফিন।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, কিছু পরিবার মনে করে, মেয়েকে অল্প বয়সে বিয়ে দিলে সে নিরাপদ থাকবে। বিশেষ করে যেসব পরিবার মেয়েকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে অসহায় বোধ করে তাদের মধ্যে এমন চিন্তা দেখা দেয়।
লায়লা আশরাফিনের মতে, পরিবারে মেয়েশিশুর ক্ষমতায়ন ও নিজের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বিকাশের বিষয়টি গুরুত্ব না পাওয়াও বাল্যবিয়ের অন্যতম কারণ।
তবে বিয়ে দিয়ে মেয়ের নিরাপত্তা নিশ্চিত হয়েছে বলে ধরে নেওয়ার সুযোগ নেই। নতুন পরিবারে গিয়ে অল্প বয়সী একটি মেয়ে নিজের মতামত প্রকাশ, সিদ্ধান্ত গ্রহণ কিংবা নিজের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে।
এই শিক্ষকের মতে, মেয়ের নিরাপত্তার চিন্তা থেকে বাল্যবিয়েকে বেছে নেওয়ার পরিবর্তে তার জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষার সুযোগ ও নিজের মতামত প্রকাশের অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। মেয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার ইচ্ছা ও বিকাশের প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: সিলেট।