ভোরের আলো ফুটতেই সাঁকোগুলো প্রাণ ফিরে পায়।
Published : 30 Sep 2026, 12:25 PM
রাজধানীর বনশ্রী ও আফতাবনগরকে দুই ভাগ করে বয়ে গেছে রামপুরা খাল। খালের ওপর এটি বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন একটি বাঁশের সাঁকো। এমন আরও কয়েকটি সাঁকো দিয়ে প্রতিদিন দুই পাড়ের মানুষ যাতায়াত করেন।
ভোরের আলো ফুটতেই সাঁকোগুলো প্রাণ ফিরে পায়। কেউ কাজে যান, কেউ স্কুল-কলেজে, কেউ আবার বাজারের ব্যাগ হাতে পা বাড়ান। দিনের পর দিন, বছরের পর বছর, একই ছন্দে চলছে এই পারাপার।
বনশ্রীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আফতাবনগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতেও এই সাঁকোগুলো ব্যবহার করেন অনেকে।
ঝুকিপূর্ণ হলেও ব্যস্ত নগরজীবনের মাঝে বাঁশের সাঁকো যেন গ্রামবাংলার পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যায়, যখন নদীমাতৃক এই দেশে সাঁকো ছিল মানুষের নিত্য সঙ্গী।
তবে এই দৃশ্য বদলাতে যাচ্ছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে রামপুরা খালের ওপর তিনটি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এরমধ্যে একটি সেতু উদ্বোধন করা হয়েছে।
তবে সবগুলো সেতুর নির্মাণ কাজ শেষ হলে বনশ্রী ও আফতাবনগরের মানুষের যাতায়াত আরও সহজ হবে। আর রাজধানীর বুকে গ্রামবাংলার আবহ ছড়িয়ে দেওয়া এই বাঁশের সাঁকোগুলো হয়ত তখন থেকে যাবে শুধু স্মৃতিতে।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।