প্রশিক্ষণ শেষে এক নবীন শিশু সাংবাদিক বলছিল, “এই কর্মশালায় আমি সংবাদ ও সাংবাদিকতার প্রাথমিক পাঠ পেয়েছি।”
Published : 05 Jan 2026, 02:41 PM
রংপুরে সনদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শেষ হয়েছে।
ইউনিসেফের সহযোগিতায় বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে।
জেলা শহরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সভাকক্ষে শনিবার বিকালে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নদী গবেষক তুহিন ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে শিশু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “এই কর্মশালায় অংশ নেওয়ার পর তোমাদের মধ্যে নিশ্চয় কোনো পরিবর্তন লক্ষ্য করছো। তোমরা আগে যা জানতে তার সঙ্গে নতুন করে অনেক জানতে পেরেছ। এটাই এই আয়োজনের স্বার্থকতা।”
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক তুহিন ওয়াদুদ তার বক্তব্যে রংপুরে এই কর্মশালা আয়োজনের জন্য হ্যালোকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে থাকে। হ্যালো নিশ্চয়ই তোমাদের সে মানের সাংবাদিকতার পাঠ দিয়েছে।”
এ সময় হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক আল-আমিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আফতাবুজ্জামান হিরু উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশ নেওয়া ১৩ বছর বয়সী মিশরাফ জান্নাত হ্যালোকে বলে, “এই কর্মশালায় আমি সংবাদ ও সাংবাদিকতার প্রাথমিক পাঠ পেয়েছি।”
১৬ বছর বয়সী রাইয়ান হাবিব বলে, “কর্মশালায় সবচেয়ে মজার লেগেছে ক্যামেরার ফ্রেমিং শেখার অংশটা। আমি জেনেছি কীভাবে ভালো ছবি তুলতে হয়। ছবি কীভাবে কথা বলে তাও জেনেছি।”
এই কর্মশালা থেকে সচেনতার পাঠ পেয়েছে বলে জানায় সাল সাবিলা নিহা নামের এক শিশু সাংবাদিক।
তার ভাষ্য “আমি তথ্য সংগ্রহ এবং এর উৎস যাচাই সম্পর্কে জেনেছি। যা আমাকে সাংবাদিকতার বাইরেও একজন সচেতন নাগরিক হিসেবে গুজব প্রতিরোধে সহযোগিতা করবে।”
শুক্রবার এই কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম। এরপর দুদিন শিশুদের প্রশিক্ষণ দেন হ্যালোর কো-অর্ডিনেটর মো. মনির হোসাইন।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর।