শিক্ষার্থীরা জানায়, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতেও শিক্ষকরা তেমন কোনো উদ্যোগ নেয়নি।
Published : 08 Apr 2026, 10:47 PM
রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা।
তাদের ভাষ্য, উপজেলার এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এবারের আয়োজন ছিল অনেকটাই দায়সারা।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে সাধারণত যে উৎসবমুখর পরিবেশ থাকে, তার কোনো কিছুই ছিল না সেখানে। সাজসজ্জা বলতে শিক্ষকদের বসার জন্য কেবল একটি শামিয়ানা টাঙানো হয়েছিল।
শিক্ষার্থীরা জানায়, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতেও শিক্ষকরা তেমন কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণও তুলনামূলক কম ছিল।
আতিক হাসান অপু নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “স্কুলের ক্রীড়া আয়োজনের মান নিয়ে আমরা খুবই হতাশ। দুই বছর আগেও যে জাঁকজমক ছিল, এখন সেটা নেই।”
এবারের প্রতিযোগিতায় দৌড়, লং জাম্প, হাই জাম্প, গোলক নিক্ষেপ ও বল নিক্ষেপসহ কয়েকটি প্রচলিত ইভেন্ট ছিল। এর বাইরেও কোনো সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়নি।
অভিযোগ রয়েছে, খেলাধুলার সময় শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও ছিল না।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী এম সাদমান আরাফ বলে, “আমি দৌড়ের দুইটি ইভেন্টে প্রথম হয়েছি। কিন্তু দৌড় শেষ করে দেখি পানি পানের কোনো ব্যবস্থাই নেই।”
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সঙ্গে কথা হয় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। শিক্ষার্থীদের অভিযোগ স্বীকার করে তিনি বলেন, “বিদ্যালয়ে টিউবওয়েল থাকায় পানির আলাদা ব্যবস্থা করা হয়নি। গাছের ছায়া থাকায় বিশ্রামের ব্যবস্থা করা হয়নি।”
তিনি আরও বলেন, “সামনে মাধ্যমিক পরীক্ষা থাকায় সময়ের অভাবে সাংস্কৃতিক আয়োজন করা হয়নি। আগামীতে শিক্ষার্থীদের সকল চাওয়া পূরণ করা হবে।”
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রংপুর।