ভয়কে জয় করলে যে অনেক বেশি আনন্দ পাওয়া যায় এবারই তা অনুভব করেছি।
Published : 30 Aug 2026, 10:23 AM
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছি আমি। প্রতিযোগিতার 'ক' বিভাগে অংশ নিয়ে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছি।
এই পুরস্কার আমার কাছে অনেক বড় একটি পাওয়া। কেননা ভয়কে জয় করলে যে অনেক বেশি আনন্দ পাওয়া যায় এবারই তা অনুভব করেছি।
এই প্রতিযোগিতায় আমি বিদ্যালয়ের পক্ষ থেকে অংশ নিই। সত্য বলতে, শুরুর দিকে ভীষণ ভয়ে ছিলাম। মনে হচ্ছিল, এত এত প্রতিযোগীর ভিড়ে যদি ভালো করতে না পারি!
তবে এই ভয় কাটাতে আমার মা-বাবা ও শিক্ষকরা আমাকে ভরসা দেন। তাদের উৎসাহে আমি নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পাই আর প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করি।
প্রতিযোগিতা শেষ হওয়ার পর শুরু হয় ফলাফলের অপেক্ষা। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত দিন।
ফলাফলে জানতে পারলাম, আমি প্রথম স্থান অর্জন করেছি। খবরটি শোনার পর আমি খুবই খুশি হয়েছি।
পরের দিন বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে উপজেলা পরিষদে গিয়ে আমি পুরস্কার গ্রহণ করি। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছি, কিন্তু এই অর্জনের আনন্দ ছিল একদম আলাদা। কারণ, এর পেছনে আমার পরিশ্রম ও প্রিয় মানুষদের সহযোগিতা দুটোই ছিল।
এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে চেষ্টা আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো ভয়কেই জয় করা সম্ভব।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রাঙামাটি।