আমরা যেমন পরিবারের কাছ থেকে ভালোবাসা ও যত্ন পাই, তেমনি দেশও আমাদের অনেক কিছু দেয়।
Published : 30 Aug 2026, 06:05 PM
আমার জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। এই দেশ আমাকে আশ্রয় দিয়েছে, পরিচয় দিয়েছে। এছাড়াও দিয়েছে শিক্ষা, চিকিৎসা, কাজের সুযোগ এবং নিজের মত করে বেঁচে থাকার অধিকার। তাই দেশের প্রতি আমারও রয়েছে অনেক দায়িত্ব।
আমরা যেমন পরিবারের কাছ থেকে ভালোবাসা ও যত্ন পাই, তেমনি দেশও আমাদের অনেক কিছু দেয়। আমাদের জন্য রাস্তা, স্কুল, হাসপাতাল, খেলার মাঠসহ নানা সুযোগ-সুবিধা তৈরি করা হয়। আমাদের নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করতে অনেক মানুষ কাজ করেন। দেশের এই অবদান আমাদের মনে রাখা উচিত।
দেশকে ভালো রাখার দায়িত্ব শুধু সরকার বা বড়দের নয়, আমাদের সবার। ছোট ছোট কাজের মাধ্যমেও আমরা দেশের জন্য কিছু করতে পারি।
যেমন রাস্তায় ময়লা না ফেলা, গাছ লাগানো, পানি ও বিদ্যুৎ অপচয় না করা এবং পরিবেশের যত্ন নেওয়া। অন্যের প্রতি ভালো আচরণ করা এবং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাও দেশের জন্য একটি বড় কাজ।
আমি মনে করি, আমাদের মত শিশু-কিশোরদেরও দেশের জন্য অনেক কিছু করার আছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করা, নতুন কিছু শেখা, নিজের প্রতিভা বিকশিত করা এবং ভবিষ্যতে দেশের কাজে লাগবে এমন দক্ষতা অর্জন করা আমাদের দায়িত্ব।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রাজশাহী।