সন্তান জন্মের পরই তার শারীরিক অবস্থা চরম ঝুঁকির মুখে পড়ে যায়।
Published : 01 Sep 2026, 05:19 PM
বাল্যবিয়ে থেকে আমাদের দেশের কিশোরীরা এখনো নিরাপদ নয়। হামেশাই ঘটছে শিশুবিয়ের ঘটনা।
মূলত দারিদ্র্য, সচেতনতার অভাব, সামাজিক কুসংস্কার, ও কন্যাসন্তানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিসহ নানা কারণে দেশে এখনো নির্মূল করা যাচ্ছে না সামাজিক এই ব্যাধি।
আমার এক সহপাঠী মাত্র ১৪ বছর বয়সে বাল্যবিয়ের শিকার হয়। আমরা তখন অষ্টম শ্রেণিতে পড়ি। বিয়ের পরপরই তার শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধতে শুরু করে। একই সঙ্গে সে প্রতিনিয়ত পারিবারিক অশান্তি ও নির্যাতনেরও শিকার হতে থাকে।
বছর না ঘুরতেই সে গর্ভধারণ করে এবং একটি সন্তান জন্ম দেয়। সন্তান জন্মের পরই তার শারীরিক অবস্থা চরম ঝুঁকির মুখে পড়ে যায়। হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে।
অথচ তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে। একটি বাল্যবিয়ে তার সেই রঙিন স্বপ্নকে এক নিমিষে চুরমার করে দিয়েছে।
আমার চাওয়া, আর যেন কোনো কিশোরীর শৈশব ও ভবিষ্যৎ এভাবে নষ্ট না হয়। তাই সমাজের সব স্তরের মানুষকে বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিরাজগঞ্জ।