নেত্রকোণার সিভিল সার্জন গোলাম মাওলা বলেন, হাসপাতালের সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
Published : 27 Aug 2026, 03:55 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, ৫১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত চিকিৎসক ও পরিচ্ছন্নতাকর্মী। এমনকি চালকের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবাও। ফলে স্বাস্থ্যসেবা নিয়ে দুর্ভোগের শিকার উপজেলার ৬ লাখ বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২৪ জন মেডিকেল অফিসারের বিপরীতে বর্তমানে এখানে কর্মরত ১১ জন চিকিৎসক। তাদের মধ্যে দুই জন অন্য প্রতিষ্ঠানে সংযুক্ত রয়েছেন। গাইনি ও অর্থোপেডিক চিকিৎসকের পদ শূন্য থাকায় সিজারিয়ানসহ আরও অনেক অপারেশনও বন্ধ রয়েছে।
এদিকে, হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স থাকলেও চালকের অভাবে দীর্ঘদিন ধরে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। এতে জরুরি রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান বলেন, জনবল ও অবকাঠামোগত সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নেত্রকোণার সিভিল সার্জন গোলাম মাওলা বলেন, হাসপাতালের সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে কথা হয় নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সঙ্গে।
তিনি হ্যালোকে বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।