ভালো ফলাফল করা শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।
Published : 03 Sep 2026, 01:00 PM
ভালো ফলাফল ও বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কলেজের মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভালো ফলাফল করা শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আলম এবং বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. মামুনুর রশিদ।
এতে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক কাজরী রানী ধর।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই কোনো না কোনো সম্ভাবনা রয়েছে। কেউ পড়াশোনায় ভালো, আবার কেউ গান, কবিতা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ। শিক্ষকদের উৎসাহ ও সঠিক দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষার ফলাফলই একজন শিক্ষার্থীর যোগ্যতার একমাত্র পরিচয় নয়। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও শিক্ষার্থীদের দেওয়া দরকার।’
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।