চলতি সেপ্টেম্বরেই ডেঙ্গুতে প্রাণ গেছে ৭৪ জনের।
Published : 16 Sep 2026, 07:43 PM
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এক হাজার ৭৫৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; যা চলতি বছর একদিনে রোগী ভর্তির হিসেবে সর্বোচ্চ।
সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি সেপ্টেম্বরেই প্রাণ গেছে ৭৪ জনের; যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে সবচেয়ে বেশি ৩ জনের প্রাণহানি হয়েছে খুলনা বিভাগে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছে।
একই সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি হয়েছেন। দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৭৪ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩৯৪ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৮৬ জন, চট্টগ্রামে ১৭৭ জন, খুলনায় ৩৪৯ জন, ময়মনসিংহে ৮৩ জন, রাজশাহীতে ১৫৩ জন, রংপুরে ৫৩ জন ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৮ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ নিয়ে চলতি বছর ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫২ হাজার ৫৭৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।