শিক্ষার্থীরা কেন অসুস্থ হচ্ছে, তা নিয়ে স্বাস্থ্য ও কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
Published : 16 Sep 2026, 05:03 PM
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে ফের নয় শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার দুপুরে হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানি সরকার।
তিনি বলেন, “অসুস্থ নয় শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ছয়জন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।”
এ নিয়ে এক সপ্তাহে বিদ্যালয়টির ৪৬ শিক্ষার্থী তিন দফায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
এর মধ্যে ৭ সেপ্টেম্বর ১৬ জন এবং ১৪ সেপ্টেম্বর ২১ জন অসুস্থ হয়েছিল। দ্বিতীয় দফায় অসুস্থদের মধ্যে একজনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষার্থীরা কেন অসুস্থ হচ্ছে, তা নিয়ে স্বাস্থ্য ও কৃষি বিভাগের পর্যবেক্ষণে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
মানসী রানি বলেন, একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ায় স্বাস্থ্য বিভাগের তদন্তে ঘটনাটিকে ‘ম্যাস হিস্টিরিয়া’ বলে মনে হচ্ছে।
অন্যদিকে, কৃষি বিভাগের তদন্তে বলা হয়েছে, বিদ্যালয়ের পাশের জমিতে কীটনাশক ব্যবহারের কারণে বাতাসে গন্ধ ছড়িয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।
খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বিদ্যালয় পরিদর্শন করেছেন।