তবে ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হলান্ডকে অনুকরণ করে এমন উদযাপন করেননি, বললেন ভারতীয় ওপেনার।
Published : 18 Sep 2026, 08:31 PM
গোল করার পর প্রায়ই ধ্যানমগ্ন ঋষির মতো কিছুক্ষণ বসে থাকতে দেখা যায় আর্লিং হলান্ডকে। আফগানিস্তানের বিপক্ষে বিস্ফোরক সেঞ্চুরির পর ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ডের মতোই উদযাপন করেন আভিশেক শার্মা। তবে হলান্ডকে অনুকরণ করে নয়, ভারতীয় ওপেনারের এমন উদযাপনের পেছনে ছিল অন্য কারণ।
দিল্লিতে বৃহস্পতিবার আফগানদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০৮ রান করেন আভিশেক। ৩৪ বলের ইনিংসে ১১টি ছক্কা ও ৯টি চার মারেন বাঁহাতি ব্যাটসম্যান।
ইনিংসটির পথে ৩০ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আভিশেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা ভারতের দ্রুততম। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শার্মার করা ৩৫ বলের সেঞ্চুরি ছাড়িয়ে যান তিনি।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটসম্যানদের মধ্যেও আভিশেকের এই সেঞ্চুরি দ্রুততম। আগের রেকর্ড ৩৩ বলে সেঞ্চুরি ছিল নিউ জিল্যান্ডের ফিন অ্যালেন ও জিম্বাবুয়ের সিকান্দার রাজার। বিধ্বংসী ইনিংসটির পথে আরও কিছু কীর্তি গড়েন আভিশেক।
ইনিংসের নবম ওভারে সেঞ্চুরি ছুঁয়ে ধ্যান করার ভঙ্গিতে ক্রিজেই বসে পড়েন আভিশেক। তার এমন উদযাপন মনে করিয়ে দেয় হলান্ডের ট্রেডমার্ক উদযাপনের কথা। ম্যাচ শেষে আভিশেক বলেন, ক্রিকেট খেলার চাপ সামলাতে বছর খানেক ধরে মেডিটেশন করছেন তিনি। সেটা সবাইকে বোঝানোর জন্যই তার এমন উদযাপন।
“গত ছয় মাস বা এক বছর ধরে আমি এই বিষয়টি চর্চা করছি। আমি ধ্যান ও সংকল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি; কারণ বছরজুড়ে ক্রিকেট খেলার সময় একজন ক্রিকেটারের জীবন অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়।
“এসবের মধ্যে নিজের মনকে কীভাবে স্থির রাখা যায়? আমার মনে হয়, মেডিটেশন আমাকে অনেক সাহায্য করেছে। আমি শুধু চেয়েছি, কেউ যদি এটা দেখে, কোনো ক্রিকেটার যদি অনুধাবন করতে পারে যে গত ছয় থেকে আট মাসে এটা আমাকে সত্যিই সাহায্য করেছে। বিশেষ এই উদযাপন সেজন্যই ছিল, আর এটা এমন একটা বিষয় যা আমাকে মানসিকভাবে স্থির রাখছে।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আভিশেকের তৃতীয় সেঞ্চুরিতে ২২১ রান করে ভারত। পরে আফগানদের স্রেফ ৯৪ রানে গুটিয়ে ১২৭ রানের বড় জয় তুলে নেয় তারা।