আমাদের চারপাশে এমন অনেক বৈষম্য রয়েছে, যেগুলোকে অনেকে স্বাভাবিক বলে মেনে নেয়।
Published : 28 Oct 2026, 08:00 PM
আমাদের সবার সমান অধিকার ও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু অনেকেই নিজের এসব অধিকার সম্পর্কে জানে না। আবার কেউ অধিকার সম্পর্কে জানলেও পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রের কাছে কীভাবে তা দাবি করতে হয় তা বুঝতে পারে না।
আমাদের চারপাশে এমন অনেক বৈষম্য রয়েছে, যেগুলোকে অনেকে স্বাভাবিক বলে মেনে নেয়। যেমন, একই ধরনের কাজ করার পরও অনেক ক্ষেত্রে নারী শ্রমিকেরা পুরুষ শ্রমিকদের তুলনায় কম মজুরি পায়।
এটি শুধু বৈষম্য নয়, শ্রমিকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ারও উদাহরণ। অথচ এমন অন্যায়ের শিকার হয়েও অনেকে প্রতিবাদ করতে পারে না। কারণ তারা জানে না কীভাবে নিজের অধিকার আদায় করতে হয়।
শিশুরাও নানা ক্ষেত্রে বৈষম্যের শিকার হয় এবং নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়। অনেক শিশু জানে না যে নিজের মতামত প্রকাশ করা তাদের অধিকার।
আমিও একসময় তাদেরই একজন ছিলাম। কিন্তু হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে আমি নিজের মতামত প্রকাশের গুরুত্ব বুঝতে শিখেছি। জেনেছি, নিজের কথা বলা কিংবা কোনো বিষয়ে ভিন্নমত প্রকাশ করা কাউকে অসম্মান করা নয়।
এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, শুধু অধিকার থাকলেই হয় না, সে সম্পর্কে জানাও জরুরি। নিজের অধিকার সম্পর্কে সচেতন হলে আমরা যেমন নিজেদের বঞ্চনা ও বৈষম্য চিনতে পারব, তেমনই অন্যের অধিকার রক্ষায়ও ভূমিকা রাখতে পারব।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রাজশাহী।