আমাদের গ্রামে শীতের অন্যতম আকর্ষণ খেজুরের রস।
Published : 29 Nov 2025, 09:08 PM
আমি থাকি নওগাঁর সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম চকবুলাকীতে। শীত এলেই বদলে যায় আমাদের গ্রামের রুপ।
শীতকাল শুরু না হলেও এই এলাকায় শীতের অনুভূতি প্রতিদিনই যেন বাড়ছে। ভোরের আলো ফুটতেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ। এক হাত দূরের মানুষকেও স্পষ্ট দেখা যায় না।
ভোর থেকে শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষসহ সবাইকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। ঠান্ডার মাঝেও সকালে মাঠে যায় কৃষকেরা। ধান গোছানো থেকে শুরু করে ফসল ঘরে তোলার প্রস্তুতি সব কাজই চলে কুয়াশার মধ্যেই।
যেসব জমিতে ধান কাটা শেষ, সেসব জমিতে এখন আলু, সরিষা আর শীতকালীন শাকসবজির চাষ চলছে পুরোদমে।
আমাদের গ্রামে শীতের অন্যতম আকর্ষণ খেজুরের রস। ভোরে গাছিরা খেজুর গাছ থেকে রসের হাঁড়ি নামিয়ে আনেন। এই রস থেকেই পরে তৈরি হয় গুড় আর পাটালি।
বিকেল গড়ালে শুরু হয় আগুন পোহানোর প্রস্তুতি। কেউ শুকনো ডাল কুড়ায়, কেউ সংগ্রহ করে শুকনো পাতা। শীতের সন্ধ্যায় আগুনের পাশে বসে গল্প করে গ্রামের মানুষ। কেউ কথা বলে ফসল নিয়ে, কেউ স্কুল-খেলাধুলা কিংবা গ্রামের সাম্প্রতিক ঘটনা।
আমাদের গ্রামের শীত কষ্টের হলেও আমার কাছে এর আনন্দ কিন্ত আলাদা। কুয়াশা, আগুন পোহানো, খেজুরের রস আর মাঠের ব্যস্ততা মিলিয়ে শীত যেন আমাদের জীবনে নিয়ে আসে ভিন্ন এক আবহ।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: নওগাঁ।