আজকাল ছবি-ভিডিও কনটেন্ট এআই দিয়ে তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়।
Published : 26 Nov 2025, 08:40 PM
ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যার আগে কোনো সতর্কবার্তা পাওয়া যায় না। তাই হঠাৎ কম্পন হলে ভয়ের পরিস্থিতি তৈরি হওয়াই স্বাভাবিক।
এই সপ্তাহে টানা দুদিন ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছু জায়গায় ভবনে ফাটল, হেলে পড়া এবং পুরান ঢাকায় হতাহতের খবর পাওয়া গেছে। এতে মানুষের উদ্বিগ্ন হওয়া খুবই স্বাভাবিক।
কিন্তু এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব। নিউজফিড খুললেই চোখে পড়ে আজই বড় ভূমিকম্প হবে, কয়েক ঘণ্টার মধ্যেই সব ধ্বংস হয়ে যাবে এমন নানা অপতথ্য।
শুধু ভূমিকম্প নয়, ঘূর্ণিঝড়, বন্যার কিংবা অগ্নিকাণ্ডের মত বিপদে গুজব সামলানো এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেউ না জেনে-বুঝে অতি উৎসাহে এমনটা করে, কেউবা জেনেশুনে শুধু নিজের পোস্টে রিচ বাড়ানোর জন্য এমন পথ বেছে নেয়। যদিও এসব কথার কোনো ভিত্তি থাকে না, কিন্তু এগুলো সহজেই মানুষের মনে ভয়ের জন্ম দেয়।
আজকাল ছবি-ভিডিও কনটেন্ট এআই দিয়ে তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়। তাই প্রথম দেখায় যে কেউই সরল মনে এটা বিশ্বাস করে নিতে পারে।
যেমন ভূমিকম্পের পর দেখেছি ঢাকার বিভিন্ন স্থাপনা ভেঙে গেছে বলে প্রচার করা হচ্ছে। যদিও পরে জানা গেছে এসব বেশিরভাগই ভুয়া।
দুর্যোগের সময় গুজব মানুষের ক্ষতি আরও বাড়িয়ে দেয়। আতঙ্কে তখন কেউ ঠিক কী করবে বুঝে ওঠে না।
ভূমিকম্প থামানো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। সে জন্য পরিবার, স্কুল এবং সমাজের সবাইকে ছোটবেলা থেকেই ভূমিকম্পে করণীয় জানানো দরকার। এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকলে গুজবে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া সকল তথ্য যাচাই করে পরে বিশ্বাস করার অভ্যাস তৈরি করা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।