আইআরজিসি জানিয়েছে, আফগানিস্তানে ২০ হাজার ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করা এমকিউ-১ ড্রোনটি ‘কান্দাহারের কসাই’ নামে পরিচিতি পেয়েছিল।
Published : 21 Sep 2026, 04:59 PM
হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি 'এমকিউ-১' ড্রোন এবং একটি উন্নত 'অরবিটার' নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
সোমবার সকালে ইসলামি রিভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রকাশিত এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা তাসনিম জানায়, ‘সন্ত্রাসবাদী’ মার্কিন সামরিক বাহিনীর আরেকটি এমকিউ-১ ড্রোন কিছুক্ষণ আগে হরমুজ প্রণালির আকাশে শনাক্ত করার পর ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের তৈরি একটি নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে এই ড্রোনটি ভূপাতিত করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি এমকিউ-১ ড্রোনটিকে অত্যন্ত উন্নত’ হিসেবে উল্লেখ করে জানায়, পূর্বে আফগানিস্তানে ২০ হাজার ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করায় এটি ‘কান্দাহারের কসাই’ নামে পরিচিতি পেয়েছিল।
আইআরজিসি জানায়, বেশ কয়েক বছর আগেই মার্কিন নৌ ও বিমানবাহিনী তাদের যুদ্ধ বহর থেকে এমকিউ-১ ড্রোন সরিয়ে সেখানে ‘এমকিউ-৯’ ড্রোন যুক্ত করেছিল। তবে বিপুল সংখ্যক এমকিউ-৯ ড্রোন ধ্বংস হওয়ার পর মার্কিন বাহিনী বাধ্য হয়ে আবারও পুরোনো এমকিউ-১ ড্রোনে ফিরে এসেছে।
এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি উন্নত ‘অরবিটার’ নজরদারি ড্রোন আঘাত করেছে।
সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে হরমুজ প্রণালির ওপর সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে ঘটেছে।