সৌদি সিভিল ডিফেন্স ভোররাতে সম্ভাব্য বিপদের কথা জানিয়ে রিয়াদ ও নিকটবর্তী শহর আল খার্জে দুইবার সতর্কতা জারি করেছিল।
Published : 19 Sep 2026, 07:49 PM
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখার কথা রয়টার্সকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
সৌদি সিভিল ডিফেন্স রিয়াদসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে আগাম সতর্কতা জারি করেছিল। রিয়াদের পাশাপাশি এসব শহরের মধ্যে আছে জেদ্দা, আল খার্জ, আল উলা, ইয়ানবু, তায়িফ, আবহা ফারসান, খামিস মুশায়িত ও জাজান।
আরব নিউজ জানিয়েছে, সিভিল ডিফেন্স শনিবার ভোররাতে সম্ভাব্য বিপদের কথা জানিয়ে রিয়াদ ও নিকটবর্তী শহর আল খার্জে দুইবার সতর্কতা জারি করে। সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বাহিনীর হামলা জোরদার হওয়ার পর এসব সতর্কর্তা জারি করা হয়। তবে উভয় সতর্কতাই ‘সবকিছু ঠিক আছে’ ঘোষণা দিয়ে কিছুক্ষণ পর তুলে নেওয়া হয়।
প্রথম সতর্কতাটি জানানো হয় স্থানীয় সময় ভোররাত ২টা ৫৮ মিনিটে। প্রত্যক্ষদর্শীরা এ সময় রিয়াদে অন্তত দুটি বিস্ফোরণ শোনার কথা জানিয়েছেন। এর কয়েক মিনিট পরই ‘সবকিছু পরিষ্কার’ বলে ঘোষণা দেওয়া হয়।
রিয়াদে ও আল খার্জে ভোর ৫টা ১৯ মিনিটে দ্বিতীয়বারের মতো সতর্কতা জারি করা হয়। ১০ মিনিট পরই ‘বিপদ কেটে গেছে’ ঘোষণা দিয়ে সতর্কতা তুলে নেওয়া হয়।
দেশটির ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম থেকে মোবাইল ফোনের মাধ্যমে এসব সতর্কতা জানানো হয়। রিয়াদে এ ধরনের একটি বার্তায় লেখা ছিল, “এই এলাকাটি শত্রুতামূলক আকাশ হুমকির অধীনে আছে।”
রিয়াদের প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের আওয়াজ শোনার কথা জানিয়েছেন। সেগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করতে ছোড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আওয়াজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাসিন্দাদের কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে ক্ষতিগ্রস্ত কোনো এলাকার ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
রয়টার্স জানিয়েছে, তারা রিয়াদে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাওয়ার বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরকে মন্তব্যের জন্য অনুরোধ জানালেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।