তিন মাস ধরে অপেক্ষাকৃত শান্ত থাকার পর এ বিমান হামলায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নিহতদের লাশের ওপর মানুষ কালো কাপড় বিছিয়ে দিচ্ছে। ছবি: রয়টার্স
Published : 21 Sep 2026, 02:21 PM
আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরপূর্বাঞ্চলে পাকিস্তানি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক পুলিশ লাইনে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে চালানো ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার পর সোমবার প্রতিবেশী আফগানিস্তানে বিমান হামলা চলাল ইসলামাবাদ।
এক্স এ এক পোস্টে তালেবান সরকারের উপমুখপাত্র হামাদুল্লাহ ফিতরাত জানান, হামলায় কানুর প্রদেশের অন্তত একটি বাড়িতে আঘাত লেগেছে, এতে একই পরিবারের তিনজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।
ফিতরাত বলেছেন, “পাকতিকা প্রদেশের বারমাল জেলার দুটি স্থানে বোমাবর্ষণ করা হয়েছে, এতে একটি দোকান ও খালি একটি বাড়ি ধ্বংস হয়েছে, তবে কেউ হতাহত হয়নি।”
আফগানিস্তানে কথিত এই হামলার বিষয়ে রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে পাকিস্তান সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
দুই প্রতিবেশী, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফেব্রুয়ারি থেকে সম্পর্ক নাজুক হয়ে আছে। ওই সময় দুইপক্ষ কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। তারপর থেকে অনেকগুলো প্রাণঘাতী হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটলেও গত প্রায় তিন মাস ধরে পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত ছিল। কিন্তু পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
পাকিস্তানে জঙ্গি হামলা নিয়ে দুই দেশের বিরোধের সূত্রপাত। ইসলামাবাদের অভিযোগ, কাবুল জঙ্গিদের আশ্রয়-প্রশয় দিচ্ছে আর তারা আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে এসে পাকিস্তানে হামলা চালাচ্ছে।
আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে জঙ্গিবাদ পাকিস্তানের ‘অভ্যন্তরীণ সমস্যা’ বলে দাবি করে আসছে।
মার্চে কাবুলে পাকিস্তানের এক বিমান হামলায় ৪০০ জনেরও বেশি আফগান নিহত হয়েছিল। একটি মাদক নিরাময় কেন্দ্র লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী ওই বিমান হামলা চালায় বলে আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে।