দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেইর ইজজোরে সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণ ঘটার পর তদন্ত শুরু করা হয়েছে।
সিরিয়ার দেইর ইজজোরের একটি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত উৎস থেকে প্রাণঘাতী এক বিস্ফোরণ ঘটেছে। ছবি: আল অ্যারাবিয়া
Published : 19 Sep 2026, 09:12 PM
সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর ইজজোরের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত এক উৎস থেকে ঘটা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা শনিবার জানিয়েছে, দেইর ইজজোর প্রদেশে ‘সিরিয়ার আরব সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণে ১১ জন শহীদ হয়েছে’।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, দেইর ইজজোরে সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণ ঘটার পর তদন্ত শুরু করা হয়েছে।
এর আগেও সিরিয়ার অস্ত্র গুদামগুলোতে এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলার পর ২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল সাদের পতন হয়। দেশটি এখন গৃহযুদ্ধের দিনগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
চলতি মাসের প্রথমদিকে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে এক অস্ত্র গুদামে ঘটা বিস্ফোরণে ১৪ জন নিহত হয়। এর আগে একই অঞ্চলে গোলাবারুদ ভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছিল।