আর্জেন্টাইন তারকা চোট কাটিয়ে উঠলেও মাদ্রিদ ডার্বিতে শুরু থেকে খেলতে পাারবেন কি না, জানেন না আতলেতিকো মাদ্রিদ কোচ।
Published : 19 Sep 2026, 08:21 PM
চোট কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত হুলিয়ান আলভারেস। রেয়াল মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে।
আতলেতিকোর মাঠে রোববার মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি মাঠে গড়াবে। বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শুরু হবে ম্যাচটি।
আগের দিন সংবাদ সম্মেলনে সিমেওনে জানান, পেশির চোট কাটিয়ে ওঠা আলভারেস রেয়ালের বিপক্ষে অবশ্যই খেলবেন।
চলতি মৌসুমে অনেক টানাপোড়েনের মধ্যে দিন কাটছে আলভারেসের। গ্রীষ্মের দলবদলের মাঝে আতলেতিকো ছাড়ার ঘোষণা দিয়ে সমর্থকদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায় এবং আগের ঠিকানাতেই থাকতে একরকম বাধ্য হন তিনি।
এই মাসের প্রথম সপ্তাহে লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে বদলি নেমে ৩১ মিনিট খেলেন তিনি। তবে চোট পাওয়ায় পরের দুই ম্যাচে আর খেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
এখন পর্যন্ত এ মৌসুমে কেবল দুটি ম্যাচে মাঠে নেমেছেন আলভারেস, দুটিই বদলি হিসেবে। আসছে ম্যাচেও তিনি শুরুর একাদশে খেলতে পারবেন কি না, জানেন না সিমেওনে।
“সে আমাদের সঙ্গে যোগ দেবে এবং তখন আমরা সিদ্ধান্ত নেব যে শুরু থেকে সে খেলতে পারবে নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবে।”
চলতি লিগে প্রথম ছয় রাউন্ডে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আতলেতিকো। পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।