রেয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে আবারও বললেন, বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিততে এই বছর তার জন্য ভালো সময়।
Published : 17 Sep 2026, 08:55 PM
চার বছর হতে চলল ব্যালন দ’র জিততে পারেননি রেয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরানোর লক্ষ্য কিলিয়ান এমবাপের। ফরাসি তারকা আবারও বললেন, এটি জিততে এই বছর তার জন্য ভালো সময়।
কদিন আগে এমবাপে বলেন, এবার ব্যালন দ’র জয়ে নিজেকেই সবচেয়ে যোগ্য মনে করেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে এমবাপের দেওয়া সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করা হয় বৃহস্পতিবার। সেখানে তিনি ব্যাখ্যা করেন, কেন মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি জয়ের দৌড়ে নিজেকে এগিয়ে রাখছেন তিনি।
“আমার মতে, পুরস্কারটি জেতার জন্য এটা ভালো বছর। আমার হয়ে আমার পা-ই কথা বলে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যালন দ’র যেন রেয়াল মাদ্রিদে ফিরে আসে। এটা অবশ্যই বের্নাবেউয়ে, মাদ্রিদ সমর্থকদের কাছে ফেরা উচিত; এই মানুষদের মাঝে এটা ফিরে আসা দরকার, যাতে তাদের মনে আশার সঞ্চার হয়। তারাই এর সবচেয়ে বড় দাবিদার।”
উল্লেখ্য যে, ২০২২ সালে কারিম বেনজেমার পর ব্যালন দ’র জিততে পারেননি রেয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়।
২৭ বছর বয়সী এমবাপে গত মৌসুমে ক্লাবের হয়ে ৪৪ ম্যাচে গোল করেন ৪২টি, কিন্তু রেয়াল মাদ্রিদ কোনো শিরোপা জিততে পারেনি।
এই গ্রীষ্মের বিশ্বকাপে এমবাপে ১০ গোল করে জেতেন গোল্ডেন বুট, ক্যারিয়ারের তিনটি বিশ্বকাপ মিলিয়ে ২২ গোল করে এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। যদিও তার দল ফ্রান্স চতুর্থ হয়ে শেষ করে আসর।
তবে এই বিষয়ে এমবাপের ভাবনা ভিন্ন। গত সপ্তাহে স্বপক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে দলীয় সাফল্যের প্রভাব থাকা উচিত নয়।
এবার পুরস্কারটি জয়ের সম্ভাবনায় যাদের এগিয়ে রাখা হচ্ছে, তাদের আরেক জন লামিন ইয়ামাল। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা ও স্পেনের বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখা এই তারকার সম্পর্কে জিজ্ঞেস করা হলে কেবল প্রশংসাই করেন এমবাপে।
“আমি মনে করি, সে খুব প্রতিভাবান একজন খেলোয়াড় এবং আমার ধারণা সে দুর্দান্ত এক ক্যারিয়ার গড়তে যাচ্ছে। তাকে শুভকামনা জানাই আমি।”
এমবাপের পুরো সাক্ষাৎকারটি এ দিনই প্রকাশ করবে ‘এএস।’