অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম অকপটে বললেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার গতির সঙ্গে তাল মেলানো তাদের জন্য কঠিন।
Published : 16 Sep 2026, 06:32 PM
ওসাকায় বৃষ্টির বাগড়ার মধ্যেই দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ফুটবল ইভেন্টের তিনবারের ব্রোঞ্জজয়ীদের বিপক্ষে লক্ষ্য ও পরিকল্পনা জানাতে গিয়ে ডিফেন্ডার শিউলি আজিম বললেন, গোল কম খাওয়াই মূল লক্ষ্য তাদের।
উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১টায় (পিএম) দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে দল। মিয়ানমারকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছে দক্ষিণ কোরিয়া।
প্রথম ম্যাচের বড় হারে বাংলাদেশের মূল লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়েছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল যাবে কোয়ার্টার-ফাইনালে। বাংলাদেশের মূল লক্ষ্য এই সমীকরণ মেলানো। তাই গোল ব্যবধান যে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা ভালো করেন জানেন শিউলি।
“সব মিলিয়ে প্রস্তুতি ভালো। আগের ম্যাচে আমাদের যে ভুল-ত্রুটিগুলো হয়েছিল, আমরা চেষ্টা করব সেটা পরের ম্যাচে না করার। আমরা দুই অঙ্কের গোল খেয়েছি, আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষও (দক্ষিণ কোরিয়া) অনেক ভালো দল। আমাদের চেষ্টা থাকবে গোল কম খাওয়ার কিংবা একদম গোল না খাওয়ার। আসলে দুই দলই সমান, একটু হয়তো ফারাক আছে। তাদের যে গতি, তাদের সঙ্গে তাল মিলিয়ে খেলা আমাদের জন্য কঠিন। তারপরও আমরা চেষ্টা করছি।”
সহকারী কোচ আবুল হোসেন জানালেন মিয়ানমারের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি ঘিরেই তাদের মূল পরিকল্পনা। তবে, তিনি আশাবাদী উত্তর কোরিয়া ম্যাচের মতো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিবর্ণ ফুটবল খেলবে না দল।
“এটা সত্য যে আমরা ভলো শুরু করতে পারিনি। তবে, আমাদের আরও দুটি ম্যাচ খেলার সুযোগ আছে, আমাদের ভালো করার মতো জায়গা আছে। আশা করি, আগামী ম্যাচে মেয়েরা ভালো করার চেষ্টা করবে। আমরা উত্তর কোরিয়ার বিপক্ষে খেলেছি, দক্ষিণ কোরিয়ার ম্যাচটিও দেখেছি। দুটি দলই একই, কিন্তু দুই দলের খেলা পর্যালোচনা করে আমরা কীভাবে খেলব সেটা খুঁজে পেয়েছি।
“সত্যি বলতে, দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের পার্থক্য অনেক। তারপরও আমরা চেষ্টা করব ভালো খেলার। কেননা, শুরু থেকেই আমরা ভেবে রেখেছিলাম উত্তর ও দক্ষিণ কোরিয়ার দিকে আমরা তেমন নজর দেব না, আমরা মনোযোগ দেব মিয়ানমার ম্যাচের দিকে। কেননা, মিয়ানমারের বিপক্ষে আমাদের ইতিবাচক ফল করার সম্ভাবনা আছে।”