টানা ব্যর্থতার হতাশা নিয়ে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাচ্ছে মাইকেল ক্যারিকের দল।
Published : 20 Sep 2026, 11:29 PM
আক্রমণাত্মক ফুটবলে আশা জাগালেও ফিনিশিংয়ের দুর্বলতায় আবার হারতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ সময়ে সৌভাগ্যের ছোঁয়ায় কোনোমতে একটি পয়েন্ট পেল তারা।
ফুলহ্যামের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-১ ড্র করেছে মাইকেল ক্যারিকের দল। লিসান্দ্রো মার্তিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার, মাথেউস কুইয়ার লক্ষ্যভেদে হার এড়ায় ইউনাইটেড।
ম্যাচের প্রায় পুরোটা সময় দুই পাশেই আক্রমণ চলে সমানে। ৫৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৯ শট নিলেও, কেবল ছয়টি লক্ষ্যে রাখতে পারে ইউনাইটেড। আর ফুলহ্যামের ১২ শটের ছয়টি লক্ষ্যে ছিল।
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য রইল ইউনাইটেড; এভারটনের মাঠে ড্র করার পর, গত রাউন্ডে ঘরের মাঠে তারা হেরেছিল ম্যানচেস্টার ডার্বিতে।
পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয়ী ইউনাইটেড ৫ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে। আর দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে ফুলহ্যাম।
ম্যাচের দশম মিনিটে এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু ব্রুনো ফের্নান্দসের পাস ধরে লিসান্দ্রো মার্তিনেসের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বার্নড লেনো।
২৫তম মিনিটে আবার সুবর্ণ সুযোগ পায় ইউনাইটেড, কিন্তু দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়। সতীর্থের কাটব্যাক ছয় গজ বক্সের মুখে পেয়ে ফের্নান্দসের শট লাগে দূরের পোস্টে।
আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে পরের চার মিনিট ফুলহ্যামও ভালো দুটি সুযোগ তৈরি করে; কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। ভালো দুটি সেভ করেন সানা লমেন্স।
৩৪তম মিনিটে আবার ভীতি ছড়ায় ফুলহ্যাম। এবারও তরুণ মিডফিল্ডার জস কিংয়ের নিচু শট দারুণ নৈপুণ্যে আটকে জাল অক্ষত রাখেন লমেন্স। ১০ মিনিট পর ইউনাইটেড শিবিরেও আরেকবার গোল না পাওয়ার হতাশা যোগ হয়। ডি-বক্সে বল ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন মার্কাস রাশফোর্ড।
বিরতির পর উল্লেখযোগ্য কোনো আক্রমণ শাণাতে পারছিল না ইউনাইটেড। উল্টো ৬৩তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে তারা।
ক্যালভিনের সোজাসুজি শটে বল গ্লাভসে জমাতে পারেননি লমেন্স। একটু সামনেই দাঁড়ানো মার্তিনেসের পায়ে লেগে বল চলে যায় জালে। পা বাড়িয়ে কোনোমতে পা ছোঁয়ালেও বল আটকাতে পারেননি তিনি।
পিছিয়ে পড়ার পর আবার আক্রমণে জোর দেয় ইউনাইটেড। সুযোগও আসতে থাকে, কিন্তু সাফল্য কিছুতেই মিলছিল না।
৬৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরাল কোনাকুনি শট নেন এমবুমো। ঝাঁপিয়ে পড়ে সেটা রুখে দেন গোলরক্ষক লেনো। ৭৪তম মিনিটে কুইয়ার শটও আটকে দলকে এগিয়ে রাখেন লেনো।
৮৯তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইউনাইটেড। শুরু থেকে দারুণ খেলা কুইয়া ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক পাল্টে বল দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
লিগে জয়হীন টানা তিন ম্যাচ এবং গত সপ্তাহে ব্রাইটনের বিপক্ষে হেরে লিগ কাপের শুরু থেকে বিদায় নেওয়ার হতাশা নিয়ে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাচ্ছে ইউনাইটেড।