প্রতিপক্ষের মাঠে কঠিন প্রতিবন্ধকতার মুখেও তার দল যে ‘দুর্দান্ত পারফর্ম’ করেছে, ওই এক বিষয়ের আলোচনা তা ঢেকে দিয়েছে বলে মনে করেন এন্টসো মারেস্কা।
Published : 16 Sep 2026, 07:36 PM
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে শুরুতেই ফিল ফোডেন বহিষ্কার হওয়ায় কোণঠাসা হয়ে পড়ে ম্যানচেস্টার সিটি, তবে সেই ধাক্কা সামলে নিয়ে ১-০ ব্যবধানে দারুণ এক জয় তুলে নেয় দলটি। যদিও পরে আর্লিং হলান্ডের জয়সূচক গোলটি নিয়ে প্রবল বিতর্ক ছড়ায় এবং গোলটি যে ‘সঠিক ছিল না’, সেটাও আনুষ্ঠানিকভাবে জানায় প্রিমিয়ার লিগের রেফারি পর্ষদ ‘প্রো রেফ।’ সেই থেকে সবখানে যেন ওই বিষয় নিয়েই যত আলোচনা হচ্ছে, যা মানতে পারছেন না সিটি কোচ এন্টসো মারেস্কা।
সমালোচকদের দিকে পাল্টা তীর ছুঁড়লেন এই ইতালিয়ান কোচ। তার দাবি, প্রতিপক্ষের মাঠে কঠিন প্রতিবন্ধকতার মুখেও তার দল যে ‘দুর্দান্ত পারফর্ম’ করেছে তা ঢেকে দিয়েছে ওই গোল নিয়ে সব আলোচনা।
ওল্ড ট্র্যাফোর্ডে হাইভোল্টেজ ম্যাচটিতে কোনো দলই খুব বেশি ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ২৩তম মিনিটে স্বাগতিক অধিনায়ক ব্রুনো ফের্নান্দসের পেটে লাথি মেরে মিডফিল্ডার ফোডেন সরাসরি লাল কার্ড দেখায়ও বাকি সময়ে বেশ ভুগতে হয় সিটিকে।
তবে ওই ভোগান্তির মাঝেই ৬০তম মিনিটে জালে বল পাঠান হলান্ড। বাঁ দিক থেকে ইয়োশকো ভার্দিওলের ক্রসে বল ইউনাইটেডের প্যাট্রিক ডগুর বুটে লেগে দূরের পোস্টে পান হলান্ড এবং নিখুঁত শটে গোলটি করেন নরওয়ে তারকা।
লাইন্সম্যান অবশ্য সঙ্গে সঙ্গেই অফসাইডের পতাকা তোলেন। কিন্তু ভিএআর বেশ সময় নিয়ে ‘সবকিছু যাচাই করে’ গোলের সিদ্ধান্ত জানায়।
এরপরই বিতর্কের শুরু। বল হলান্ডের পায়ে যাওয়ার মাঝপথে তাতে হেড করতে ডাইভ দেন এন্সো ফের্নান্দেস, যদিও তিনি মাথা ছোঁয়াতে পারেননি, কিন্তু তার মুভমেন্ট খেলাকে প্রভাবিত করেছিল।
প্রো রেফ পরে বিবৃতি দিয়ে জানায়, “এটা প্রতিষ্ঠিত যে এন্সো ফের্নান্দেস বলে কোনোরকম স্পর্শ করেনি এবং এর ফলে অফসাইডের সিদ্ধান্তটি ব্যক্তি-সাপেক্ষ হয়ে পড়ে।
“তবে এক্ষেত্রে, এই পজিশনের মুভমেন্টের সম্ভাব্য প্রভাব ভেবে দেখেনি ভিএআর এবং বিষয়টি অন-ফিল্ড রেফারিকে পর্যালোচনা করার পরামর্শ দেওয়া উচিত ছিল।”
এসব ঘটনাপ্রবাহে বিষয়টি নিয়ে আলোচনা চলমান আছে। লিগ কাপে বৃহস্পতিবার নরিচ সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আগের দিন সংবাদ সম্মেলনে তাই ক্ষোভ প্রকাশ করেন মারেস্কা।
“ম্যাচের পর কোনো একটি ঘটনা বা একটি মুহূর্ত নিয়ে এত বেশি কথা হচ্ছে, যেখানে আমরা ৭০-৭৫ মিনিট ১০ জন নিয়ে খেলেছি (কিন্তু তা নিয়ে কিছু বলা হচ্ছে না), তাই আমার মতে, এটা খুবই খারাপ ব্যাপার।
“আমার দৃষ্টিতে সিটির সেদিনে পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য এবং দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।”
রেফারি পর্ষদের পক্ষ থেকে ম্যাচের দিনই ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে ভুল স্বীকার করে নেওয়া হয়। সেদিন ভিএআরের দায়িত্বে থাকা কাউকেই এই সপ্তাহান্তের প্রিমিয়ার লিগ সূচিতে শাস্তিস্বরূপ রাখা হয়নি।
প্রো রেফের পক্ষ থেকে পুরো ঘটনাটি পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে। তারপরও এত এত কথা পছন্দ হচ্ছে না মারেস্কা। তার মতে, ফুটবলে এমন কিছু তো হতেই পারে।
“ম্যাচে একটা ভুল হয়েছিল এবং তা মেনে নেওয়া হয়েছে, এটাই আসল। কখনও কখনও এটা আপনার পক্ষে যাবে, কখনও আপনার বিপক্ষে। এটাই ফুটবল।”
পেপ গুয়ার্দিওলার উত্তরসূরি হিসেবে এবারের গ্রীষ্মে দায়িত্বে পাওয়া মারেস্কার কোচিংয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণভাবে এগিয়ে চলেছে সিটি। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে আর্সেনাল।