ধারণা করা হচ্ছে, এখানেই শেষ নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতার আন্তর্জাতিক ক্যারিয়ার।
Published : 18 Sep 2026, 10:02 PM
শাভি এর্নান্দেসের ঘোষিত প্রথম দলে জায়গা হয়নি নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতা মেম্ফিস ডিপাইয়ের। তবে জাতীয় দলের হয়ে খেলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভার্জিল ফন ডাইকের কাঁধে নেতৃত্ব রেখেই উয়েফা নেশন্স লিগের স্কোয়াড সাজিয়েছেন ডাচদের নতুন কোচ।
তিন সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের চারটি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। জার্মানি ও গ্রিসের বিপক্ষে একটি করে এবং সার্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা।
ডিপাইয়ের বাদ পড়া একরকম প্রত্যাশিতই ছিল। গত বিশ্বকাপের দলে থাকলেও একটি ম্যাচেও শুরুর একাদশে জায়গা পাননি তিনি। গ্রুপ পর্বের তিন ম্যাচে যথাক্রমে ২০, ১৮ ও ১৩ মিনিট খেলেন এই ফরোয়ার্ড।
এই বাদ পড়াকেই ৩২ বছর বয়সী ডিপাইয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তেমন কিছু হলে, ১১২ ম্যাচ ও ৫৫ গোলে থামছে তার জাতীয় দলের অধ্যায়।
আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন ফন ডাইক। গত মাসে বলেছিলেন, নতুন কোচের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেবেন তিনি। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী সেন্টার-ব্যাক।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রুবেন ফন বোমেল ও জিভাই জেখিয়েল। মিডফিল্ডার জোয়ে ফিরমান ফিরেছেন দলে। তবে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ংকে পাচ্ছে না নেদারল্যান্ডস। বিশ্বকাপে পাওয়া হাঁটুর চোটে এখনো ভুগছেন তিনি।
ইয়েরেমি ফ্রিমপং, কেনেথ টেইলর ও ইউরিয়েন টিম্বার ফিরেছেন দলে।