চার দিনের মধ্যে অধিনায়কের দ্বিতীয় হ্যাটট্রিকে সেভিয়াকে হারিয়ে লিগ টেবিলে ছয় পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা।
Published : 20 Sep 2026, 02:59 AM
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধিনায়ক হাফিনিয়া। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিলেন ব্রাজিলিয়ান তারকা। সেভিয়াকে হারিয়ে মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখল হান্সি ফ্লিকের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।
ইউসুফ ফোফানার গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন হাফিনিয়া। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয়ের নায়ক তিনি। ম্যাচে জালের দেখা না পেলেও. দলের শেষ দুই গোলে সহায়তা করেন আরেক তারকা লামিন ইয়ামাল।
প্রথম সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। একটি করে ম্যাচ কম খেলে সমান ১৫ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে ও রেয়াল বেতিস তিনে আছে।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এটিই ছিল বার্সেলোনার শেষ ম্যাচ। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচের সবগুলোই জিতল কাতালান ক্লাবটি। আর এই পথচলায় তারা গোল করল মোট ৩৬টি, যার ৩১টি লা লিগায়।
গত বছরের অক্টোবরে সেভিয়ার মাঠে লিগ ম্যাচে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার সেই ক্ষতেও প্রলেপ দিতে পারল তারা।
প্রথমার্ধে দুই দলই লড়াই করে সমানে সমান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।
রেসিং সান্তানদেরের বিপক্ষে ৭-২ গোলে জয়ের ম্যাচ থেকে একাদশে চারটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ ফ্লিক। ওই ম্যাচে প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যাওয়া মূল গোলরক্ষক জোয়ান গার্সিয়ার জায়গায় দ্বিতীয়ার্ধে নামা ভয়চেখ স্ট্যান্সনির বড় একটি ভুলে গোল হজম করতে হয় দলকে। সেভিয়ার বিপক্ষে একাদশে সুযোগ পেয়ে এই ক্লাবের হয়ে অভিষেক হয় দমিনিক লিভাকোভিচের।
বার্সেলোনার শুরুটা হয় ইতিবাচক। অষ্টম মিনিটে এগিয়েও যেতে পারত তারা, কিন্তু ইয়ামালের বাঁ পায়ের জোরাল শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।
উল্টো ১৯তম মিনিটে গোল খেয়ে বসে বার্সেলোনা। ম্যাচে নিজেদের প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় সেভিয়া। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে চমৎকার ক্রস দেন ফেলিক্স কোররেয়া আর কাছ থেকে হেডে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার ফোফানা।
জবাব দিতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সেলোনা। ২২তম মিনিটে দলকে সমতায় ফেরান অধিনায়ক হাফিনিয়া। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে, প্রতিপক্ষের এক খেলোয়াড়ের বাধা এড়িয়ে আরেক জনের পায়ের ফাঁক দিয়ে নিচু শটে জালে পাঠান তিনি।
৪৪তম মিনিটে আরেকটি সুযোগ আসে বার্সেলোনার সামনে, কিন্তু বক্সে ভালো পজিশনে বল পেয়ে শটই নিতে পারেননি পেদ্রি।
প্রথমার্ধের যোগ করা সময়ে রদ্রির দৃঢ়তায় বেঁচে যায় বার্সেলোনা। বক্সে ফাঁকায় বল পান কোররেয়া, চমৎকার এক ট্যাকলে তার কাছ থেকে বল কেড়ে নেন গত বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রি।
৫২তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। সেভিয়ার বক্সে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে, সঙ্গে লেগে থাকা দুই খেলোয়াড়ের বাধা এড়িয়ে চমৎকার ক্রস দেন ইয়ামাল, ছয় গজ বক্সের মুখে জোরাল হেডে জাল খুঁজে নেন হাফিনিয়া।
৬৪তম মিনিটে অলিম্পিক গোলে হ্যাটট্রিক হয়ে যেতে পারত হাফিনিয়ার। কর্নারে নেওয়া তার শটে বল গোলরক্ষকের একটু সামনে পড়ে বাঁক খেয়ে দূরের পোস্টে লাগে।
তবে হ্যাটট্রিকের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি তাকে। চার মিনিট পরই সেই স্বাদ পান তিনি। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন ২৯ বছর বয়সি ফরোয়ার্ড।
এবারের লা লিগার সর্বোচ্চ গোলদাতা হাফিনিয়ার গোল হলো সাত ম্যাচে ১২টি, সঙ্গে অ্যাসিস্ট আছে তিনটি।
আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে আট ম্যাচে তার গোল হলো ১৪টি।
৭৭তম মিনিটে হাফিনিয়াকে তুলে কারিম আডেইয়েমিকে নামান ফ্লিক, শেষ দিকে গোল পেতে পারতেন এই জার্মান উইঙ্গার, কিন্তু তার প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন গোলরক্ষক।