বার্সেলোনা তারকার মতে, অনেকে জানেনই না যে তাদের মন্তব্য বা আচরণ বর্ণবাদী।
Published : 18 Sep 2026, 09:31 PM
স্প্যানিশ ফুটবলে প্রায়ই বর্ণবাদের শিকার হন খেলোয়াড়রা। বার্সেলোনার লামিন ইয়ামাল জানালেন, ‘অসংখ্যবার’ এই তেতো অভিজ্ঞতা হয়েছে তার। স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকার মতে, অনেকে জানেনই না যে তাদের মন্তব্য বা আচরণ বর্ণবাদী।
অল্প বয়সেই খ্যাতি অর্জন করা ইয়ামালকে বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেখা গেছে। ২০২৪ সালের অক্টোবরে সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ম্যাচের সময় ইয়ামাল, হাফিনিয়া ও আনসু ফাতিকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয় গ্যালারি থেকে।
‘স্প্যানিশ অবজারভেটরি অন রেসিজম অ্যান্ড জেনোফোবিয়া’ (বর্ণবাদ ও বিদেশিদের প্রতি বিদ্বেষ বিষয়ক স্প্যানিশ পর্যবেক্ষণ সংস্থা) গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, স্পেনে ২০২৫ সালের শেষ তিন মাসে অনলাইনে বর্ণবাদী আক্রমণের ক্ষেত্রে ইয়ামাল ও রেয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম ‘মভিস্তার’-কে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার সাবেক ফুটবলার হোর্হে ভালদানো যখন ইয়ামালকে জিজ্ঞেস করেন যে, তিনি সরাসরি বর্ণবাদের শিকার হয়েছেন কি না, তখন এই স্প্যানিয়ার্ড বলেন, “অসংখ্যবার।”
“মানুষ পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করে, কিন্তু হয়তো তারা তা বুঝতেও পারে না। এমন অনেক মন্তব্য বা দৃষ্টিভঙ্গি থাকে যা বর্ণবাদী, অথচ তারা নিজেরাও তা খেয়াল করে না। কেউ যদি আমাকে ‘কালো’ বলে ডাকে, তাহলে আমার কোনো সমস্যা নেই; কারণ আমি তো কৃষ্ণাঙ্গই, অন্য কোনো রঙের নই। তবে মন্তব্যটি ভালো না খারাপ উদ্দেশ্যে করা হচ্ছে, কিংবা আমাকে অপমান করার জন্য বলা হচ্ছে কি না, সেটাই মূল বিষয়।”
মাঠের পারফরম্যান্সের জন্য দর্শকরা অসম্মানজনক আচরণ করলে আপত্তি নেই ১৯ বছর বয়সি ইয়ামালের।
“কিন্তু আমি যখন কোনো ম্যাচ খেলি এবং দর্শকরা আমার খেলা দেখার জন্য টিকেট কেটে মাঠে আসেন, তখন (খারাপ খেলার জন্য) আমার প্রতি অসম্মানজনক আচরণের কারণে আমি রেগে যাব না।”
গত কয়েক বছরে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের বেশ কিছু আলোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ রোধে লা লিগা তাদের তৎপরতা জোরদার করেছে।