মোদীও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন।
Published : 17 Sep 2026, 11:57 PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ৭৬ বছর বয়সে পা রাখলেন। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেইসবুক পেজে বৃহস্পতিবার রাতে এক বার্তায় তারেক রহমান লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিতপ্রাণ সেবা সর্বদা সুস্বাস্থ্য ও অদম্য উদ্দীপনার সঙ্গে অব্যাহত থাকুক।”
একই বার্তা তারেক রহমান তার এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেন।
এক্সে প্রধানমন্ত্রীর এই বার্তা শেয়ার করে নরেন্দ্র মোদী শুভেচ্ছা বিনিময়ের প্রতি উত্তরে লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য। আপনার সদয় কথাগুলোর জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।”
ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র দামোদরদাস মোদী ১৯৫০ সালের এই দিনে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০০১ সালের ৭ অক্টোবর থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোদীর জন্মদিন উপলক্ষে এরইমধ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।