সরকারের সাত মাসে জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারে ‘অগ্রগতির’ খতিয়ান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
Published : 16 Sep 2026, 05:30 PM
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে গ্যাসের প্রবাহ ‘অনেকটাই বেড়েছে’ দাবি করে তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, সামনের দিনগুলোতে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলেই তারা আশা করছেন।
সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মাহদী আমিন। গত সাত মাসে জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারে ‘অগ্রগতি’ হয়েছে বলেও তিনি দাবি করেন।
মাহদী আমিন বলেন, ব্যবসায়ী ও গণমাধ্যমের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী গ্যাস সংকট দ্রুত কাটাতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। এর লক্ষ্য ছিল শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং অর্থনীতির সম্ভাবনা ও অগ্রযাত্রা ধরে রাখা।
“মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে তার বাস্তবায়ন গতকাল থেকে শুরু হয়েছে। গ্যাসের প্রবাহ অনেকটাই বেড়েছে এবং আমরা গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন আজকে দেখতে পাচ্ছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ সে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।”
গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ ‘জনকল্যাণে এগিয়ে যাচ্ছে’ দাবি করে মাহদী আমিন বলেন, গত সাত মাসে সরকারের নেওয়া ও বাস্তবায়ন করা বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রশাসনিক সংস্কার, দুর্নীতিমুক্ত সেবা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান জোরদারের উদ্যোগ রয়েছে।
এসব পদক্ষেপের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি ‘মর্যাদাশীল, স্বাবলম্বী ও মেধাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রে’ রূপান্তরের পথে এগিয়ে নিতে চাইছে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের ভাষ্য।
তিনি বলেন, ‘১৬ বছরের ধ্বংসস্তূপ’ থেকে বাংলাদেশকে পুনর্গঠনের চেষ্টা করছে সরকার। সেখানে সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান করা কঠিন। তবে সরকার ‘সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা’ নিয়ে কাজ করছে।
“দল, মত, পথ ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে সরকারের মূল লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’, সেটিই হবে চলার পথের পাথেয়।”
ক্রেডিট রেটিংয়ে ‘সুসংবাদ’
মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’সের রেটিংয়ে বাংলাদেশকে ‘নেতিবাচক’ অবস্থান থেকে দীর্ঘ সময় পর ‘স্থিতিশীল’ অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
এর ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের মর্যাদা এবং বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকার আশা করছে।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির হার কমেছে এবং খাদ্যপণ্যের দাম বাড়ার হারও আগের তুলনায় কমেছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহও তুলনামূলক ভালো রয়েছে।
জ্বালানি তেলের দাম নিয়ে তিনি বলেন, প্রতিবেশী ও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম অপেক্ষাকৃত কম। জনগণের ওপর চাপ কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে।
এক মাসে সরকারের যত পদক্ষেপ
সরকারের গত এক মাসের বিভিন্ন উদ্যোগকে সাতটি ভাগে ভাগ করেন মাহদী আমিন। এগুলো হলো—
• তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন
• গণমানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়ন
• নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা
• পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু সহনশীল শিল্পায়ন
• আধুনিক স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য
• যোগাযোগ অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা
• প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক
পে-স্কেল ও সামাজিক সুরক্ষা
মাহদী আমিন বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে গত এক মাসে বেশ কিছু উদ্যোগ সরকার নিয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার জাতীয় পে-স্কেল অনুমোদন এর একটি।
সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য সমান হারে প্রাতিষ্ঠানিক মোবাইল ভাতা বৃদ্ধি এবং অবসরপ্রাপ্তদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর উদ্যোগের কথাও তিনি বলেন।
মুখপাত্র বলেন, অবসরপ্রাপ্তদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।
দাপ্তরিক কাজে গতি আনতে আউটসোর্সিং জনবল নিয়োগ ও নবায়নে অর্থ বিভাগের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা প্রত্যাহার, ভূমি ব্যবস্থাপনায় কর্মকর্তাদের একই কর্মস্থলে দীর্ঘমেয়াদি পদায়ন বন্ধ, সম্পত্তি দানের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নের উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন মেধাবী শিক্ষককে ১ লাখ টাকা করে বিশেষ জাতীয় পুরস্কার দেওয়ার উদ্যোগ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান বাড়িয়ে স্থায়ী তহবিলে রূপান্তর এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের নিয়মিত সরকারি ভাতা সম্প্রসারণের কথা ব্রিফিংয়ে তুলে ধরেন মাহদী আমিন।
তিনি বলেন, ঢাকার করাইল, ভাষানটেক ও তলা বস্তি পুনর্বাসনে চীনের ১০ হাজার কোটি টাকা অর্থায়নে ২০ তলা ভবনে বিনামূল্যে আবাসিক ফ্ল্যাট দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ইতালির মিলানের আন্তর্জাতিক সোর্সিং মেলা ‘রেডি টু শো’-তে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠানের অংশগ্রহণ, প্রতিটি জেলায় আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম, গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা প্রয়োগ এবং প্রতিটি ইউনিয়নে চারজন ও উপজেলায় একজন করে সরকারি পশু চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরুর কথাও তিনি বলেন।
বান্দরবানের দুর্গম পাহাড়ের অর্ধশত পাড়ায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ, ঢাকার কেন্দ্রীয় শিশু পার্ক আধুনিকায়ন এবং ৪১টি দেশে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা আরও সহজ করার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
নারীর জন্য বিভিন্ন উদ্যোগ
নারীর অগ্রযাত্রা ও সামাজিক সুরক্ষায় সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, সাইবার পরিসরে নারীর হয়রানি ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নেটওয়ার্কের সঙ্গে যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য শতভাগ উপবৃত্তি এবং স্কুলে পুষ্টিকর খাবারের স্থায়ী ব্যবস্থা করার পরিকল্পনার কথাও তিনি বলেন।
চা শিল্পে কর্মরত নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ২০ হাজার চা শ্রমিকের মধ্যে আধুনিক রেইনকোট বিতরণের কথাও বলেন মাহদী আমিন।
তিনি বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আইনি সুরক্ষায় ১৩ দেশের ২২টি আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।
কারাগারে বন্দিদের সঙ্গে পরিবারের সদস্যদের নিয়মিত ও নিরাপদ ভার্চুয়াল সাক্ষাতের ব্যবস্থা, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
গ্যাস-বিদ্যুৎ খাতের পরিকল্পনা
গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে দেশে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের কর্মসূচি চলছে বলে জানান মাহদী আমিন। এই ধাপ শেষ হলে আরও ১৫০টি কূপ খননের দ্বিতীয় পর্যায় শুরুর পরিকল্পনার কথা তিনি বলেন।
মুখপাত্র বলেন, বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) রয়েছে। ২০২৮ সালের আগে সম্ভব হলে তৃতীয় এফএসআরইউ চালু এবং দীর্ঘমেয়াদে মোট পাঁচটি এফএসআরইউ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন এবং চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়ার কথাও জানান তিনি।
বিদ্যুৎ খাতে কারিগরি ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বাড়ানো, ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র ও একটি সার কারখানা স্থাপনের ঘোষণা, জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার উদ্যোগের কথাও বলেন মুখপাত্র।
এ ছাড়া আগামী পাঁচ বছরে দেশের সব ডিজেলচালিত সেচপাম্প সৌরশক্তিতে রূপান্তরের পরিকল্পনা, বাসাবাড়ির ছাদভিত্তিক সৌরবিদ্যুতে নতুন প্রণোদনা, সৌরবিদ্যুৎ প্রকল্পের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ও কর ছাড় এবং আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অগ্রগতির কথা মাহদী আমিন ব্রিফিংয়ে তুলে ধরেন।
সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন, অলাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্প ও অব্যবহৃত জমি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কাজে লাগানোর নীতিমালা প্রণয়ন এবং দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো আধুনিকায়নের উদ্যোগের তিনি বলেন।
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার অতিরিক্ত ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন সার মজুদের পাশাপাশি মোট ৫১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার সরবরাহের পরিকল্পনা এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুম চালুর কথা বলা হয় ব্রিফিংয়ে।
মাহদী আমিন বলেন, ছয় মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড উৎপাদনে ফিরেছে।
স্বাস্থ্য খাতের পরিকল্পনা
ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে ১৫ তলা বিশেষায়িত জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনার ব্রিফিংয়ে তুলে ধরেন মাহদী আমিন।
নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থাপনা মডেলে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ৮০০-তে উন্নীত করার উদ্যোগের কথাও তিনি বলেন।
রংপুর মেডিকেল কলেজ চত্বরে বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেন্টার নির্মাণের ভিত্তি স্থাপন, জাতীয় ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা এবং কমিউনিটি ক্লিনিকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ পুনর্বহালের কথা মুখপাত্র জানান।
মাহদী আমিন বলেন, গত পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে টিকা তৈরির কারখানা স্থাপনের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গায় সরকারি-বেসরকারি অংশীদারত্বে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প, ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ ওয়ার্ড প্রস্তুত এবং তিন মাসব্যাপী দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরুর কথাও বলেন তিনি।
যোগাযোগ ও ট্রাফিক
মাহদী আমিন বলেন, যোগাযোগ ব্যবস্থাপনা ও ট্রাফিক খাতের উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম করিডরে বৈদ্যুতিক ট্রেন চালুর সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন সম্প্রসারণ এবং আগামী চার মাসের মধ্যে মহাসড়কে ক্যাশলেস স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালুর নির্দেশনার কথাও তিনি বলেন।
ঢাকার যানজট কমাতে কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার গাবতলী এবং ফুলবাড়িয়া বাস টার্মিনালে স্থানান্তরের কার্যক্রম চলছে বলে জানান মুখপাত্র।
তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশায় ডিজিটাল নিবন্ধন, বারকোড ও কিউআর কোডভিত্তিক ট্র্যাকিং এবং গতি নিয়ন্ত্রণের উদ্যোগ, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বুয়েটের বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ নেওয়া এবং ঢাকার যানজট ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে নিয়মিত সমন্বয় সভা করার সিদ্ধান্ত হয়েছে।
মহাসড়কে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রতি ১০ কিলোমিটার পরপর আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, বৈদ্যুতিক গাড়ির জন্য দ্রুতগতির চার্জিং স্টেশন, ব্যবহৃত ব্যাটারি পুনর্ব্যবহার এবং ফিটনেসবিহীন ও অতিরিক্ত ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও বলেন মাহদী আমিন।
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে জমে থাকা বর্জ্য অপসারণ এবং রাজধানীর চারপাশের নদী-খালের অবৈধ দখল উচ্ছেদ ও নাব্যতা ফিরিয়ে আনতে বৃত্তাকার নৌপথের মহাপরিকল্পনা বাস্তবায়নে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের কথা ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
বিচার ও সুশাসন
প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সরকারের ‘অগ্রগতির’ তথ্য তুলে ধরে মাহদী আমিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের প্রতি সুবিচার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ফ্যাসিবাদী সংগঠনের সাত নেতার বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৭৪ শহীদ পরিবারের যোগ্য সদস্যদের হাতে সরকারি চাকরির স্থায়ী নিয়োগপত্র দিয়েছেন বলেও তথ্য দেন মুখপাত্র।
এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটিগুলো দ্রুত গঠন; সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামের আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত; নাগরিকদের বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে আনতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইটি’ প্রকল্পের কার্যক্রম শুরুর কথা জানান তিনি।
পুলিশকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রথম ধাপে ৬৪ জেলা সদরের থানাকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ, মাদকসংক্রান্ত বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিতে ২২টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে পর্যায়ক্রমে বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্তের কথাও মাহদী আমিন বলেন।
ডাক বিভাগের স্পিড পোস্টে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন এবং দেশের ৯ হাজার ডাকঘর আধুনিকায়নের উদ্যোগের কথা ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
বৈদেশিক ঋণ, রেমিট্যান্স ও শ্রমবাজার
মাহদী আমিন বলেন, গত পাঁচ মাসে সরকার বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ ডলার বা ২৫ হাজার ১৬৩ কোটি টাকা পরিশোধ করেছে।
বিশ্ব বাজারের চাপের মধ্যেও ছয় মাসে দেশে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে বলে তিনি তথ্য দেন।
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ শেষে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ সৃষ্টি এবং ওমানের শ্রমবাজারে নিষেধাজ্ঞা কাটিয়ে কৃষি ও আধুনিক মৎস্য আহরণ খাতে আরও ১০ হাজার কর্মী পাঠাতে দ্বিপক্ষীয় চুক্তির অগ্রগতির কথা জানান মুখপাত্র।
ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি এবং ইইউ চিহ্নিত ৬১টি বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধানের কথাও মাহদী আমিন বলেন।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি অনুমোদন, যুক্তরাজ্যের ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের আওতায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও পণ্য ক্রয়ে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগ এবং নেপালের বন্যাদুর্গত মানুষের জন্য ১০ লাখ ডলারের মানবিক সহায়তা দেওয়ার কথা ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
প্রতিরক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগ
মাহদী আমিন বলেন, আকাশসীমার নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সীমান্ত সুরক্ষায় বিজিবিকে নিজস্ব নজরদারি ড্রোনে সজ্জিত করা এবং সিলেটে বিশেষায়িত ড্রোন ওয়ারফেয়ার প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তিনি বলেন।
এ ছাড়া ঢাকা-সিউল সরাসরি নিয়মিত ফ্লাইট চালু, বৈধ বৈদেশিক ভ্রমণ কোটার পরিমাণ বাড়িয়ে মাথাপিছু ১৮ হাজার ডলারে উন্নীত করা এবং তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ ঋণ তহবিলের কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এএসএম মাহফুজুর রহমান, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ, মিডিয়া সমন্বয়ক তারিকুল ইসলাম ও চিকিৎসক আনম মনোয়ারুল কাদির বিটুসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।