চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি ও প্রতারণা করেছে বলে অভিযোগ শফিকুর রহমানের।
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্য জোটের লং মার্চের পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
Published : 19 Sep 2026, 04:34 PM
আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
তিনি বলেছেন, “বিএনপি আট দফা দাবি মেনে না নিলে আন্দোলন এক দফায় পরিণত হতে পারে। জনগণের দাবি মেনে না নেওয়া হলে রাজপথের আন্দোলন আরও কঠোর হবে।”
শনিবার দুপুরে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্য জোটের লং মার্চের পথসভায় এসব কথা বলেন তিনি।
চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সঙ্গে বেইমানি ও প্রতারণা করেছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে ধোঁকাবাজি করা হচ্ছে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের অভিযোগ তুলে এসব বন্ধের দাবি জানান তিনি।
শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্রের সংস্কার, গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন। এসব দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার যাব।”
তিনি বলেন, “কাঠফাটা রোদের মধ্যে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আট দফা দাবি আদায়ে জনগণের প্রস্তুতির প্রমাণ। এই আট দফা দাবি মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।”
আট দফা দাবির মধ্যে রয়েছে- গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে তারা সংসদ ও রাজনৈতিক অঙ্গনে কথা বলেছেন। প্রত্যাশা পূরণ না হলে রাজপথে কর্মসূচি দেওয়ার বিকল্প থাকে না। তাই শান্তিপূর্ণ লং মার্চ করছে ১১ দলীয় ঐক্য।
পথসভায় খেলাফত মজলিসের চেয়ারম্যান মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ ১১ দলীয় ঐক্য জোটের জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এদিন সকালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া লং মার্চের বহরটি বিভিন্ন স্থানে পথসভা শেষে দুপুরে হাটিকুমরুলে পৌঁছায়। পথসভা শেষে ২টা ১০ মিনিটের দিকে তারা রংপুরের দিকে যাত্রা করেন।