“হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে।”
Published : 17 Sep 2026, 02:33 PM
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।
করে বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আহত আনসার সদস্যরা হলেন-মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে কয়েকজন বন্ধু হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে রোগীকে ট্রলিতে নেওয়াকে কেন্দ্র করে ট্রলিম্যানদের সঙ্গে ওই যুবকদের প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা এক ট্রলিম্যানকে মারধর শুরু করেন।
এ সময় টহলরত আনসার সদস্যরা এগিয়ে গিয়ে ওই ট্রলিম্যানকে উদ্ধার করেন এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
এর কিছুক্ষণ পর ওই যুবকেরা আবারও সংগঠিত হয়ে ওই ট্রলিম্যানকে খুঁজতে থাকেন। পরে তাকে দ্বিতীয় দফায় মারধর শুরু করলে আনসার সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে যান। এ সময় ওই যুবকেরা আনসার সদস্যদের ওপরও চড়াও হয়ে মারধর করেন।
বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন বলছেন, “হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে। তাদের হামলায় চারজন আনসার সদস্য আহত হয়েছেন।
“এর মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ওসি ইকবাল বাহার বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রোগীর চার বন্ধুকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”