এই মেলার নামকরণের পেছনে রয়েছে এক ঐতিহাসিক বীরত্বগাথা।
Published : 22 Apr 2026, 02:34 PM
রংপুরের পীরগাছায় শতাব্দী পুরনো 'নাপাই চণ্ডী মেলা' শুরু হয়েছে।
উপজেলার চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রথম দিনের মেলায় ভিড় জমায় হাজারো মানুষ।
স্থানীয়দের তথ্যমতে, এই মেলার ইতিহাস প্রায় ২৪০ বছরের পুরোনো। প্রতি বছর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার এই মেলা বসে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দিন গড়িয়ে রাতেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় এসেছেন।
মেলায় শিশুদের খেলনা, মাটির ও হস্তশিল্পের বিভিন্ন জিনিসের পাশাপাশি মিষ্টি ও বাহারি খাবারের দোকান বসেছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ নানা ধরনের রাইড।
এই মেলার নামকরণের পেছনে রয়েছে এক ঐতিহাসিক বীরত্বগাথা। স্থানীয়রা জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরানীর প্রতি ভালোবাসার নিদর্শন এই মেলা। তিনি স্থানীয়দের কাছে ‘দেবীমাতা’ বা ‘চণ্ডী মা’ নামে পরিচিত ছিলেন।
১৭৮৩ সালের বৈশাখ মাসের এক বৃহস্পতিবার ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি বর্তমান চণ্ডীপুর এলাকায় শহীদ হন। তার মৃত্যুর পর শোকাতুর মানুষ আক্ষেপ করে বলেছিলেন “নাপাই চণ্ডী” অর্থাৎ ‘আমরা আর আমাদের চণ্ডী মাকে ফিরে পাব না’। সেই থেকেই এই মেলার নাম হয়েছে ‘নাপাই চণ্ডীর মেলা’।
স্থানীয়দের ধারণা, সেই সময় থেকেই নিয়মিতভাবে এই মেলার আয়োজন হয়ে আসছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: রংপুর।