প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের অংশ হিসেবে গাছটির সরকারি উদ্যোগে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দাবি জানায় স্থানীয়রা।
Published : 08 Mar 2026, 07:34 PM
বসন্ত এলে আগুনরঙা ফুলে ভরে ওঠে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের বিশাল এক শিমুল গাছ। চোখ ঝলসানো ফুল আর ডালে বসে থাকা শত শত পাখির সৌন্দর্য দেখতে আশেপাশের গ্রাম থেকেও অনেক মানুষ আসে এখানে।
স্থানীয়দের মতে, প্রায় ‘দুই শতাব্দী’ ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটির এখন সঠিক পরিচর্যা প্রয়োজন। তা না হলে ধীরে ধীরে হারিয়ে যেতে পারে এর সৌন্দর্য।
প্রায় আট শতাংশ জায়গাজুড়ে শেকড় বিস্তার করে দাঁড়িয়ে আছে গাছটি। স্থানীয়রা জানান, আগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলা নববর্ষসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করত এই গাছতলায়।
মোহাম্মদ হেলাল উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পরিবার ১৯৪৭ সালে এই অঞ্চলে আসে। তখন থেকে গাছটিকে যেভাবে দেখছি, এখনো প্রায় একই রকম আছে।”
স্থানীয়রা জানায়, বসন্ত এলে এখনও অনেক মানুষ এই গাছতলায় ঘুরতে আসেন। তবে গাছটির কাছে যাওয়ার উপযুক্ত রাস্তা না থাকায় তাদের ভোগান্তি পোহাতে হয়। পরিচর্যার অভাবেও গাছটির সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের অংশ হিসেবে গাছটির সরকারি উদ্যোগে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দাবি জানায় স্থানীয়রা।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।