শিশু ও তরুণদের মতামতের ভিত্তিতে ইউনিসেফ এই ইশতেহার প্রণয়ন করে।
Published : 02 Dec 2025, 09:53 PM
জাতীয় নির্বাচন সামনে রেখে শিশু অধিকার বিষয়ক ১০টি অগ্রাধিকারের ইশতেহারে স্বাক্ষর করেছে দেশের ১২টি রাজনৈতিক দল।
সোমবার রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইশতেহার স্বাক্ষরের এই আয়োজন করে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।
ইশতেহারে সাক্ষর করা দলগুলো হল- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জাপা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং নাগরিক ঐক্য।
শিশু ও তরুণদের মতামতের ভিত্তিতে ইউনিসেফ এই ইশতেহার প্রণয়ন করে। এর সঙ্গে ছিল প্রান্তিক জনগোষ্ঠীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নরা।
ইশতেহারের যে ১০টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- শিশু সুরক্ষায় ঘাটতি দূর করা, শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ তৈরি, সব শিশুর জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি।
এছাড়া শিশুদের জন্য জলবায়ু সহনশীল বাংলাদেশ, উন্নত পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, প্রতিটি শিশুর জন্য ভবিষ্যতের সুযোগ অবারিত করার সুযোগ তৈরি এবং সব শিশু যেন জন্মনিবন্ধনের আওতায় নিয়ে আসার দাবি রয়েছে অগ্রাধিকার পাওয়া অন্য বিষয়গুলোর মধ্যে।
সবশেষে শিশুদের প্রয়োজন বিবেচনায় বাজেট প্রণয়ন এবং শিশু ও তরুণদের দেওয়া প্রতিশ্রুতির বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট এবং হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক গার্গী তনুশ্রী পালের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ইশতেহার উপস্থাপন করেন চার তরুণ- ফাহাদ রহমান অঝর, আনিকা বুশরা, সারিয়া চৌধুরী এবং নিয়ামুল ইসলাম।
অতিথিদের বক্তব্য ও সাক্ষরের পর হ্যালোর শিশু সাংবাদিক কে. এম. ইফতেশাম ইফতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।