সৎ মায়ের নির্যাতনের কারণে পড়াশোনা করতে পারেনি বলে জানায় রিফাত। কখনো স্কুলেও যায়নি সে।
Published : 29 Nov 2026, 07:15 PM
কমলাপুর রেলওয়ে স্টেশনে কুলির কাজ করে নিজের খরচ চালায় ১১ বছর বয়সী মো. রিফাত। তিন বছর ধরে এই স্টেশনেই থাকছে সে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ শহরে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিফাত জানায়, বাড়িতে থাকতে ভালো লাগত না বলে সে কমলাপুরে চলে আসে। তার কোনো ভাইবোন নেই। বাবা পেশায় রিকশাচালক। তবে মা-বাবা কেউই এখন তার খোঁজখবর নেন না বলে জানায় সে।
সৎ মায়ের নির্যাতনের কারণে পড়াশোনা করতে পারেনি বলে জানায় রিফাত। কখনো স্কুলেও যায়নি সে।
স্টেশনে কুলির কাজ করে দিনে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত আয় হয় তার। এই টাকা দিয়ে সকালের নাস্তা ও রাতের খাবার কিনে খায়। দুপুরে বিভিন্ন ফাউন্ডেশনের দেওয়া খাবার খেয়ে দিন কাটে তার।
বড় হয়ে কমলাপুর স্টেশনেই একটি চায়ের দোকান দিতে চায় সে। এ জন্য পরিচিত এক চা দোকানির কাছে কিছু টাকা জমাও রেখেছে। সেই টাকা দিয়ে একদিন নিজের দোকান দেওয়ার আশা তার।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।