পড়াশোনা করতে ভালো লাগে না বলে স্কুল ছেড়ে এসেছে বলে জানায় আল আমিন।
Published : 29 Nov 2026, 06:58 PM
কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করে নিজের খরচ চালায় ১২ বছর বয়সী মো. আল আমিন।
দুই বছর ধরে এই স্টেশনেই থাকছে সে। তার গ্রামের বাড়ি জামালপুরের কালীবাড়ি বাজারে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আল আমিন জানায়, বাড়িতে থাকতে ভালো লাগত না বলে সে কমলাপুরে চলে আসে। তার বাবা অটোরিকশা চালান। মা অন্যের বাসায় কাজ করেন।
বাড়িতে তার এক ভাই ও এক বোন রয়েছে। মাঝেমধ্যে বাড়িতে গেলেও সেখানে থাকতে ইচ্ছা করে না তার।
পড়াশোনা করতে ভালো লাগে না বলে স্কুল ছেড়ে এসেছে বলে জানায় আল আমিন।
স্টেশনে কুলির কাজ করে দিনে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আয় হয় তার। এই টাকা নিজের প্রয়োজনেই খরচ করে।
রেলস্টেশনে গোসল করতে ২০ টাকা লাগে বলে সেখানে গোসল করে না আল আমিন। গোসল করতে ট্রেনে করে বিমানবন্দর এলাকায় যায়। সেখানকার একটি পুকুরে গোসল করে আবার স্টেশনে ফিরে আসে।
কয়েক মাস আগেও ট্রেনে পানি বিক্রি করত সে। পরিচিত এক ব্যক্তির কাছে কিছু টাকা জমা রেখেছিল। তবে তার অভিযোগ, ওই ব্যক্তি টাকাগুলো নিয়ে আর ফেরত দেননি।
আবার নতুন করে ট্রেনে পানি বিক্রি শুরু করতে চায় আল আমিন। সেটাই এখন তার স্বপ্ন।
রাতে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেই ঘুমায় সে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।