ইউনিসেফের তথ্য অনুযায়ী, এ জেলায় ১৮ বছরের আগে মেয়েদের বিয়ের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ।
Published : 27 Nov 2026, 06:00 PM
নীলফামারীতে বাল্যবিয়ে যেন থামছেই না। কিশোরীদের মতে, সামাজিক চাপ ও নিরাপত্তাহীনতা বাল্যবিয়ের অন্যতম কারণ।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, এ জেলায় ১৮ বছরের আগে মেয়েদের বিয়ের হার ৫৭ দশমিক ৮০ শতাংশ।
নীলফামারী সদরের বাসিন্দা ১৪ বছর বয়সী লামিয়া আক্তার মিম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিল, “আমাদের এলাকায় বাল্যবিয়ে নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়। কিন্তু কোনো মেয়ের বিয়ের কথা উঠলে তার মতামত নেওয়া হয় না।”
ডোমারের বাসিন্দা কিশোরী আফিফা আলমগীরের মতে, বাল্যবিয়ে রোধে পরিবারকে সচেতন করা জরুরি।
তার ভাষ্য, “বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোকে বোঝানো প্রয়োজন। কারণ আশপাশের মানুষের কথায় অনেক পরিবার মেয়ের অল্প বয়সেই বিয়ের কথা ভাবতে শুরু করে।”
বাল্যবিয়ে রোধে ছেলেদেরও সচেতন হওয়া উচিত বলে মনে করে ১৬ বছর বয়সী মো. সিয়াম।
সে বলছিল, “আমি আমার আশপাশে অনেক মেয়েকে বাল্যবিয়ের শিকার হতে দেখেছি। এতে তারা পড়াশোনা থেকে ঝরে গেছে। কোথাও বাল্যবিয়ের ঘটনা ঘটলে অনেকেই বিষয়টি এড়িয়ে যায়। এ ক্ষেত্রে ছেলেদেরও সচেতন হতে হবে এবং বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।”
বিদ্যালয়ে শিক্ষার্থীদের বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো হয়। তবে অনেক সময় পারিবারিক সিদ্ধান্তের কাছে তারা অসহায় হয়ে পড়ে বলে জানান ডোমার বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন আশা।
তিনি হ্যালোকে বলেন, “বাল্যবিয়ে রোধে তাই শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা করলেই হবে না। অভিভাবকদেরও শিক্ষার গুরুত্ব, মেয়েদের ভবিষ্যৎ ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে।”
সচেতনতা ও প্রশাসনিক নজরদারি থাকলেও বাল্যবিয়ের ক্ষেত্রে বয়স জালিয়াতির ঘটনা ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা।
ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষাকর্মী মো. আসমাউল হাসান হ্যালোকে বলেন, “বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রায়ই জন্মনিবন্ধনে বয়স জালিয়াতির ঘটনা দেখা যায়। প্রকৃত বয়স ১৮ বছরের কম হলেও অনেক ক্ষেত্রে জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে দেখানো হয়। পরে সেই সনদ ব্যবহার করেই বিয়ের আয়োজন করা হয়।”
তিনি বলেন, শুধু সচেতনতামূলক সভা কিংবা প্রশাসনিক উদ্যোগ দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। জন্মনিবন্ধন তৈরির সময় যাচাই-বাছাই জোরদার, বয়স জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পরিবারকে সচেতন করা জরুরি।
এ প্রসঙ্গে নীলফামারীর স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইদুল ইসলাম বলেন, “আইন দিয়ে বাল্যবিয়ে বন্ধ করা কঠিন। এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করা কমিটিগুলোতে পর্যাপ্ত জনবলের সংকট রয়েছে।”
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নীলফামারী।