ছোটবেলায় কমলাপুর রেলস্টেশনে চলে আসে সিয়াম। ১৬ বছর বয়সী এই কিশোর ১০ বছর ধরে এখানেই থাকছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তবে গ্রামের নাম মনে নেই তার।
Published : 29 Nov 2026, 11:05 PM
ছোটবেলায় কমলাপুর রেলস্টেশনে চলে আসে সিয়াম। ১৬ বছর বয়সী এই কিশোর ১০ বছর ধরে এখানেই থাকছে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। তবে গ্রামের নাম মনে নেই তার।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিয়াম জানায়, ছোটবেলায় মা তাকে ছেড়ে চলে যান। পরে তার বাবাও দ্বিতীয় বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যান। তার তিন ভাই ও এক বোন থাকলেও কেউ এখন বাড়িতে থাকে না। বোনের বিয়ে হয়েছে, আর ভাইয়েরা থাকেন বিভিন্ন শহরে।
পরিবারের এমন পরিস্থিতির কারণে পড়াশোনা করা হয়নি বলে জানায় সিয়াম। বড় হয়ে প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল তার।
কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করে সিয়াম। প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় হয় তার। এই টাকা দিয়ে নিজের দৈনন্দিন খরচ চালায়। তবে প্রতিদিনই কাজ পায় না সে। তার অভিযোগ, স্টেশনের অন্য কুলিরা তাকে কাজে বাধা দেন।
মাঝেমধ্যে নানির বাড়িতে গেলেও সেখানে বেশিদিন থাকা হয় না তার। রাতে ঘুমায় রেলস্টেশনেই।
সিয়াম জানায়, স্টেশনে গোসল করে না সে। গোসল করতে ট্রেনে করে বিমানবন্দর এলাকায় যায়। সেখানকার একটি পুকুরে গোসল করে আবার স্টেশনে ফিরে আসে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।